নির্বাচন ছাড়াই ঢামেকে ছাত্রদলপন্থী ইন্টার্নদের কমিটি, অর্ধেকই ছাত্রলীগের পদধারী

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ PM
ছাত্রলীগের কর্মসূচিতে সভাপতি (ডানের ছবিতে)

ছাত্রলীগের কর্মসূচিতে সভাপতি (ডানের ছবিতে) © টিডিসি সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৭৮তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন করা হয়েছে। সদ্য এমবিবিএস পাস করার পর ইন্টার্ন হিসেবে শপথ গ্রহণের আগেই ছাত্রদলের সমর্থনে গঠিত এই কমিটিতে সভাপতি-যুগ্ম সাধারণ সম্পাদকসহ স্থান পেয়েছেন অন্তত ১৩ ছাত্রলীগ নেতা। এর মধ্যে ১২ জনই ছিলেন ছাত্রলীগের পদধারী। এ ছাড়া আগের তিন ব্যাচে ইন্টার্নদের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গঠিত এই কমিটি হয়েছে নির্বাচন ছাড়াই।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ঢামেক হাসপাতালের ইন্টার্নদের সর্বশেষ কমিটি গঠন করা হয়। ওই দিন ইন্টার্নদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন ডা. মোস্তফা আমীর ফয়সাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা. নাবিল বিন কাশেম। আগামী ১৫ অক্টোবরে এই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা।

তথ্য বলছে, গত তিন বছর ধরে ইন্টার্ন চিকিৎসকদের এই সংগঠনের নাম রাখা হয় ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস)। এর আগে সংগঠনটির নাম ছিল ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ), যা গঠিত হয়েছিল আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নামানুসারে। এ ছাড়া ইচিপের কমিটি সরাসরি গঠন করে দিত ছাত্রলীগ।

এদিকে বুধবার রাতে গঠিত কমিটির নাম রাখা হয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ), যা বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নামাসুনারে গঠিত। শাখা ছাত্রদলের প্রত্যক্ষ সহযোগিতায় এই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

খোঁজ নিয়ে দেখা গেছে, গত ২ সেপ্টেম্বর কে-৭৮ ব্যাচের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এই ব্যাচের এখনও ইনডাকশন বা শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়নি। তবে এরই মধ্যে ২৬ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে অন্তত ১২ জনই ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এর মধ্যে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ৫ আগস্টের পর শিক্ষার্থীদের বয়কটের মুখেও পড়েছিলেন। তবে ৫ আগস্টের পর এই কমিটির দুয়েকজন ছাড়া সবাই ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন।

কমিটিতে আছেন যারা
নবগঠিত আইডিএর কমিটিতে সভাপতি হিসেবে আছেন ডা. মো. রুহুল আমিন বিশ্বাস। এতে সহ-সভাপতি হিসেবে ডা. তাজিয়া ইসলাম তৈশী, সাধারণ সম্পাদক হিসেবে ডা. ইফতেখার আলম ইফতি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ডা. আনিসুজ্জামান শিপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ডা. তাহসিন রহমান।

ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের কমিটি

এর বাইরে অর্থ সম্পাদক ডা. তৌফিকুল ইসলাম আলভী, দপ্তর সম্পাদক ডা. আজমল হোসেন ও ডা. মহিউদ্দীন আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. তৌসিফুর রহিম ও ডা. মো. শাহারুল ইসলাম সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা. অর্ণব মুখার্জী ও ডা. সৌমিক শংকর শীল, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. পুলহ রায় রিগ ও ডা. আবু আল নাফিস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. রিফাহ তাসনিয়া সুপ্রভা ও ডা. মো. ফাহিম শাহরিয়ার মাহি, রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মিরাজ আনোয়ার ও ডা. মুবতাসিন ফুয়াদ, যোগাযোগ ও পরিবহন বিষয়ক সম্পাদক ডা. মো. রাকিবুল হাসান রকি ও ডা. মির্জা সাইফুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. মো. মাহমুদুল নবী ইমন ও ডা. ইসমত জাবিন, সেমিনার বিষয়ক সম্পাদক ডা. নুরে আনজুম্যান ও ডা. মো. ইমরুল নূর রিশাদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. শেখ মো. আসিফ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন ডা. মো. সাকলাইন মুর্শেদ ও ডা. অনুপম পাল।

আর্থিক কেলেঙ্কারির কারণে ব্যাচ থেকে বয়কটের মুখে পড়েছিলেন রুহুল আমিন বিশ্বাস

এর মধ্যে সভাপতি রুহুল আমিন বিশ্বাস ছাত্রলীগের সর্বশেষ কমিটি সাঈদ-ফয়সাল পরিষদের একনিষ্ঠ কর্মী ছিলেন। নিজ ব্যাচে ছাত্রলীগের আধিপত্য বিস্তারে তার সক্রিয় ভূমিকা ছিল অভিযোগ করেছেন তার সহপাঠীরা। এ ছাড়া ব্যাচের কমিউনিটি মেডিসিন স্টাডি ট্যুরের কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অমান্য করে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। ফলে ওই সময় তাকে ব্যাচ থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান শিপনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে বিরূপ ভূমিকাসহ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগও রয়েছে। তিনি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। অভ্যুত্থান চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামের তালিকা ছাত্রলীগের কাছে পৌঁছে দেওয়া এবং জুনিয়র শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে ওই সময় ব্যাচ থেকে বয়কটের মুখে পড়েছিলেন তিনিও। ৫ আগস্টের পর শিপন ছাত্রদল কর্মী হিসাবে আত্মপ্রকাশ করেন।

এ ছাড়া মির্জা সাইফুর রহমান ও মহিউদ্দীন আলমগীর ছাত্রলীগের কমিটিতে সহ-সম্পাদক, রকিবুল হাসান রকি উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক, তাহসিন রহমান উপ-গণ-যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং শাহারুল ইসলাম সাকিব, তৌফিকুল ইসলাম আলভী, তাজিয়া ইসলাম তৌশী ও পুলহ রায় ঋগ সদস্য হিসেবে ছিলেন।

ইন্টার্ন চিকিৎসকদের বর্তমান সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই কমিটি ছাত্রদলের মনোপুষ্ট। ৫ আগস্টের পরপরই ঢাকা মেডিকেলে সকল ক্লাবসহ ইন্টার্ন ডক্টর কমিটির নির্বাচনের মাধ্যমেই প্রতিনিধি বাছাই করা হয়। পরপর ৩ ব্যাচে এই ধারা অব্যাহত থাকলেও বর্তমান নবাগত ইন্টার্ন চিকিৎসকদের কমিটির নির্বাচনের আগেই এমন একটি কমিটি প্রকাশিত হয়েছে, যেখানে শুধু ৫ আগস্টের পরে নব্য ছাত্রদলে যোগদানকারী কর্মীরাই স্থান পেয়েছে। তাছাড়া ইন্টার্ন ডক্টরস কমিটির পূর্বনাম ‘ইন্টার্ন ডক্টরস সোসাইটি’ পরিবর্তন করে ‘ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন’ করা হয়েছে, যেটা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথে মিল রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে বিরূপ ভূমিকার কারণে ৫ আগস্টের পর বয়কটের মুখে পড়েছিলেন শিপন

অপর এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওদের রেজাল্ট দিয়েছে গত ২ তারিখ। কেউই ইন্টার্নশিপে জয়েন করেনি এখনো। অর্থাৎ অফিসিয়ালি এখনো ইন্টার্ন না কেউই। এ ছাড়া গত তিন বছর ধরে ইন্টার্ন ডাক্তাররা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করত। তারপর ইন্টার্ন কোঅর্ডিনেটর স্বাক্ষর করে অনুমোদন দিতেন। এই কমিটিতে কারো স্বাক্ষর নেই। হাসপাতাল পরিচালকের অনুমতিও নেই।

আরেক ইন্টার্ন চিকিৎসক বলেন, কিছু দিন আগে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়। সেখানে সিনিয়র ব্যাচ হিসেবে কে-৭৮তম থেকে কাউকে রাখা সম্ভব হয়নি। কারণ তাদের বেশিরভাগেরই ছাত্রলীগের কমিটিতে পদপদবী ছিল। ফলে ছাত্রদলে সরাসরি পদ দিতে না পারায় স্বান্তনা পুরস্কার হিসেবে ইন্টার্নদের কমিটি গঠন করে সেখানে রাখা হয়েছে।

জানতে চাইলে নতুন কমিটির সভাপতি ডা. রুহুল আমিন বিশ্বাস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ব্যাচের অধিকাংশের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। এখানে আসলে অন্য কোনো পক্ষের কোনো আসলে হাত নেই। সম্পূর্ণ ব্যাচের পছন্দ।

আগের নির্বাচনগুলো ফেয়ার ছিল না বলেও মন্তব্য করেন ডা. রুহুল আমিন। তিনি বলেন, নির্বাচনের যে বিষয়টা ছিল, এটা আসলে কতটুকু ফেয়ার ছিল, আপনি যদি একটু খোঁজ নেন তাহলে আসলে আরও ভালো হবে। একটা ব্যাচে অনেকের অনেক ধরনের মতাদর্শও থাকে আসলে। তো ওই ব্যাচে আসলে এখন ইলেকশনগুলোকেই একচ্ছত্র করা বা একপাক্ষিক করা—এরকম একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত সময়গুলোতে কীভাবে ক্লাবগুলোকে কুক্ষিগত করা হয়েছে।

তবে আরও বিস্তারিত জানতে চাওয়া হলে ভীড়ের মধ্যে রয়েছেন জানিয়ে কল কেটে দেন তিনি। পরবর্তীতে একাধিকবার কল দেওয়া হলেও তাকে আর পাওয়া যায়নি।

ছাত্রলীগ এবং আর্থিক কেলেঙ্কারি ও নিপীড়নের দায়ে বয়কটের শিকার শিক্ষার্থীদের পদ পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সাধারণ সম্পাদক ডা. ইফতেখার আলম ইফতি বলেন, ‘আপনার সন্তান যদি ভুল করে আপনি কী করেন? তারা সবাই কি খারাপ হয়ে যাবে? না অবশ্যই।’

আইডিএর ১২ জনই ছাত্রলীগের পদধারী নেতা

তিনি বলেন, আমাদের এখানে অনেক কন্ট্রোভার্সি চলছে এসব নিয়ে। মানুষ অনেক লেখালেখি করছে। এখন আমাদের কমিটিটা তো দেওয়া হয়েছে আসলে আমাদের দিক থেকে, আমরা যেরকম মানুষ পেয়েছি বা আমাদেরকে যেভাবে এপ্রোচ করা হয়েছে। এখানে ছাত্রদলের হিসাবটা কোথায় আসলো, আর ছাত্রলীগেরটা কোথায় আসলো? এটা একটা ইন্টার্ন ডক্টরস কমিটি। ইন্টার্ন ডক্টর এরা। তাদের কি ছাত্রলীগ নাকি ছাত্রদল, এটা তো তাদের প্রথম পরিচয় নয়। তাদের প্রথম পরিচয় অবশ্যই তারা একজন ইন্টার্ন ডক্টর।

প্রায় আড়াইশ শিক্ষার্থীর মধ্য থেকে শুধু ছাত্রদলপন্থী এবং অতীতে ছাত্রলীগে পদধারী শিক্ষার্থীদের নিয়েই কেন এই কমিটি—এমন প্রশ্নের জবাবে ইফতি বলেন, পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি। এটা আংশিক। এখনো একটা রানিং কমিটি চলছে। এর মধ্যে আমাদের নতুন ব্যাচ ইন্টার্ন হিসেবে ঢুকছে। একটা প্রোগ্রাম করতে হবে, ইন্ট্রোডাকশন প্রোগ্রাম। একটা দায়িত্ব নিতে হবে না? এটা কি ২৫০ জনই নিবে আমাদের ব্যাচের? এজন্য এই কমিটি গঠন করতে হয়।

এ বিষয়ে জানতে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মেশকাত শরীফ ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬