কারখানার সামনে অসুস্থ শ্রমিকদের স্বজন ও ক্ষুব্ধ শ্রমিকরা। © সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় রাতের টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের উদ্ধার করে রাতেই টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার ।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রায় ১ হাজার শ্রমিককে অতিরিক্ত শ্রম ঘণ্টার (ওভারটাইম) জন্য রাখা হয়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টিফিন সরবরাহ করে। কিছুক্ষণ পর টিফিন খেয়ে অসুস্থ হতে থাকেন শ্রমিকেরা। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ শ্রমিক হালিমা খাতুন, সবুজা বেগম, নুরজাহান ও রুবিনা জানান, রাতের টিফিন হিসেবে ডেনিস, কেক, কলা ও ডিম দেওয়া হয়। এগুলো খাওয়ার পরেই আস্তে আস্তে শ্রমিকরা অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়তে থাকে। তার সঙ্গে পেটে জ্বালাপোড়া, পেট ব্যাথা ও বমি বমি ভাব শুরু হয়।
সুইং সেকশনের শ্রমিক ইমরান বলেন, 'কারখানার পাশেই আমার বাসা। টিফিন দেওয়ার পর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমার মেয়ে ইরানি ও শালিকা মিমকে টিফিন খেতে দেই। তারা টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে আসি।'
বারাকা ফ্যাশন লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, 'বৃহস্পতিবার রাতে ওভারটাইমের জন্য শ্রমিকদের রাখা হয়েছিল। টিফিন খাওয়ার পর ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।'