স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব এল স্বরাষ্ট্রমন্ত্রীর পেজ থেকেও

০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ও রুমিন ফারহানা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ও রুমিন ফারহানা © টিডিসি সম্পাদিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে একটি ভুয়া ফটোকার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ফটোকার্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিসেবে দাবি করা হয়, ‘বিএনপিকে কেউ চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পেজ থেকে জানানো হয়েছে, তিনি এমন কোনো মন্তব্য করেননি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, তাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি তার নজরে আসার পর তিনি জানিয়েছেন, ‘এমন কোনো মন্তব্য তিনি কোথাও করেননি।’

পোস্টে ভুয়া তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে গুজব ও মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ‘সচেতন থাকুন, গুজব ছড়াবেন না।’

এর আগে রুমিন ফারহানার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওই ফটোকার্ডটি শেয়ার করে লেখা হয়, ‘একটি দলের ৯৯ দশমিক ৯৯ শতাংশ চাঁদাবাজ হলেই কি তাকে চাঁদাবাজ দল বলা যায় নাকি? কখনোই না।’

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর ফেসবুক আইডিতেও একই ফটোকার্ড পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘সালাউদ্দিন ভাই কঠিন নছিহত করেছেন। আপনারা সালাউদ্দিন ভাইয়ের কথার উপর আমল করিবেন।’

তবে ফ্যাক্টচেকভিত্তিক একটি গণমাধ্যমের যাচাইয়ে ফটোকার্ডে থাকা বক্তব্যটি সত্য নয় বলে জানা গেছে। বরং গত ৩০ সেপ্টেম্বর দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের সঙ্গে এর মিল পাওয়া যায়। সেখানে তিনি বলেছিলেন, ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটা বিচার করবে জনগণ।’

রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার পেইজ। আমি ফেসবুকে পেয়ে পোস্ট করেছি। এখন ওরা চাইলে মামলা করুক।’

এদিকে যাচাইয়ে দেখা গেছে, ভুয়া ফটোকার্ডটির মূল উৎস ‘আশার আলো’ নামে একটি ফেসবুক পেজ। পেজটি যমুনা টিভির অনুকরণ করে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের নামে ভুয়া উক্তি সম্বলিত ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। ওই পেজ ছাড়া অন্য কোনো সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।

গত ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ তোলেন।

এ সময় তিনি বলেন, ‘এখানে কোন চাঁদাবাজির ঘটনা ছিল না তিনি (সালমান মুক্তাদির) নিজেই বলেছেন। তার কাছে চাঁদা চাননি তিনি নিজেই বলেছেন। তার পরক্ষণেই তিনি বলেছেন বিএনপি চাঁদাবাজ। বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটা বিচার করবে জনগণ।’

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬