অতিরিক্ত সময় নিয়েও দুদকে হাজির হননি বেনজীর

২৩ জুন ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ © টিডিসি ফটো

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ অতিরিক্ত সময় নিয়েও দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হননি। আজ রবিবার (২৩ জুন) সকাল ১০টার মধ্যে দুদকে হাজির হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টায়ও হাজির হননি তিনি। জানা যায়, এর আগে বেনজীর আহমেদের অনুরোধে তাকে অতিরিক্ত ১৫ দিন সময় দিয়েছিল দুদক। আজ তার দুদকে হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। 

গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু ৫ জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বেনজীরের পক্ষে তার আইনজীবী আরও ১৫ দিনের সময় চান। দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয়। এরপর নতুন তারিখ দেওয়া হয়। পরে দুদক সচিব ব‌লেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় ২৩ জুন নতুন তারিখ ঘোষণা করেছে দুদক।

গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে তার (বেনজীর) বিষয়ে একই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করে।

‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে ওই প্রতিবেদন তার অর্থ-সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজীরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র। এ ছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকারও বেশি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজীর আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার। এ ছাড়া পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গাজুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। ৩৪ বছর সাত মাসের দীর্ঘ চাকরিজীবনে বেনজীর আহমেদ বেতন-ভাতা বাবদ মোট আয় এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২০০ টাকার মতো হওয়ার কথা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 
অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬