পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালতখাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত স্বামীর নাম আরিফ হোসেন (২৬) আর স্ত্রী রিয়া মনি (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়া মনি ও ৪ বছরের কন্যা শিশু সুমাইয়া ছিল। তাদের মধ্যে বিকেলের দিকে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হলে—সন্ধ্যায় তাদের একমাত্র মেয়ে সুমাইয়ার সামনেই গলায় ফাঁস দেন তারা। শিশু সুমাইয়া তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ও মাকে বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীদের ডেকে আনে। পরে স্থানীয়রা তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তাদের সন্তান সুমাইয়া বলে, বাবা আমার মাকে ভাত রান্না না করার জন্য মেরেছে। আমার মা তারপর গলায় ফাঁস দিছে। এটা দেখে বাবাও গলায় ফাঁস দিছে। এরপর আমি গিয়ে পাশের বাড়ির লোকজন ডেকে আনছি।
নিহতের এক আত্মীয় বলেন, আমরা দুপুরে মিশ্রিপাড়ায় এক খালার বাসায় একসঙ্গে দাওয়াত খেয়েছি। এবং সেখানে অনুষ্ঠান শেষে আরিফ তার স্ত্রী ও সন্তান নিয়ে বাড়িতে যায়। এরপর রাত ১২টার দিকে শুনি তারা দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।