© সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সায়েন্স ক্লাব ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’ আয়োজন করতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্য আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে চার দিনব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন।
১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এই আয়োজনের সহযোগী পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো।
এবারের বইমেলায় থাকছে ২০টি স্টল; যেখানে প্রায় ৩০ হাজার বই থাকবে। বাংলা সাহিত্যের এক সুবিশাল ভান্ডার থাকছে এবারের বইমেলায়। থাকবে বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামি বই, কমিকস, শিশুতোষ ও কিশোরসমগ্র, অলিম্পিয়াডের বই, মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স। সেই সঙ্গে থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শিক্ষার্থী ও লেখক-লেখিকাদের লিখিত বই নিয়ে একটা বিশেষ স্টল। এবারের আয়োজনে বেশ কিছু প্রকাশনী থাকছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথমা প্রকাশন, সমকালীন প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জ্ঞানকোষ প্রকাশনী, সূর্যোদয় প্রকাশনী, পারিজাত প্রকাশনী। এই মেলায় মোড়ক উন্মোচনেরও সুযোগ রাখা হয়েছে।
বিজ্ঞান ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে রাবি সায়েন্স ক্লাবের এ উদ্যোগ।