অন্য জেলার চেয়েও চাঁদপুরের প্রবাসীদের আয় বেশি: শিক্ষামন্ত্রী

১৫ জুলাই ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

অন্য জেলার প্রবাসীদের তুলনায় চাঁদপুরের প্রবাসীরা একটু বেশি আয় করেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রবাসী সংখ্যার অনুপাতে চাঁদপুর অষ্টম অবস্থানে রয়েছে। কিন্তু প্রবাসীদের আয়ের হিসাবে পঞ্চম অবস্থানে এ জেলার প্রবাসীরা। 

আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আরো পড়ুনঃ চবি ভিসির সুপারিশ গ্রহণ করেনি সিন্ডিকেট, নিয়োগ হয়নি প্রক্টর-পত্নীর

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘দক্ষতা হচ্ছে, আমি যে কাজটি যন্ত্রপাতি নিয়ে নিজ হাতে করতে পারি সেটি। শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়, জ্ঞানকে প্রয়োগ করবার জন্য আমাদের দক্ষতা থাকতে হবে। এর মধ্যে কিছু কাজ হচ্ছে যন্ত্রপাতি দিয়ে করতে হয়। যেমন আইটি সেক্টর—সেখানে মাথা খাটিয়ে কাজ করতে হয়। আর সে দক্ষতা অর্জন করতে পারলে, আমার আয় রোজগার বাড়বে, আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং আমাদের দেশ উন্নত হবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘পরিসংখ্যান থেকে জানতে পারলাম, গত বছর আমাদের চাঁদপুর থেকে ৪৫ হাজার ৫০০ জন বিদেশে গেছেন। আমরা আশা ও বিশ্বাস করি, তাঁরা সকলেই বৈধভাবে, যথাযথ কাজের ব্যবস্থা করে তাঁরা গেছেন এবং তাঁরা কেউ অবৈধ অভিবাসী হননি। তাঁরা কেউ অনিরাপদ অবস্থায় নেই। তাঁরা সবাই নিরাপদে আছেন—এটা আমরা ভাবতে চাই।’ 

ডা. দীপু মনি বলেন, ‘প্রবাসীদের যে সংখ্যা, সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসাবে আমাদের অবস্থান পঞ্চম। অর্থাৎ আমাদের এই জেলা থেকে যাঁরা যাচ্ছেন, তাঁরা একটু বেশি আয় করছেন অন্য জেলার তুলনায়। এর মানে তাঁরা ভালো কাজ করছেন।’ 

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘দক্ষ হলো যিনি নিজের হাত দিয়ে কাজ করেন। আর শিক্ষিত হলো যাঁরা মেধা ও কলম দিয়ে কাজ করেন। শিক্ষিত যতই উচ্চ পর্যায়ের হন না কেন। আপনি যদি স্ক্রু ড্রাইভার ধরতে না পারেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে যদি কোনো কাজ না করতে পারেন, তাহলে তিনি দক্ষ নন, তিনি শিক্ষিত। আমাদের কাজ হলো শিক্ষিত ও দক্ষ মানুষ কিংবা কর্মী তৈরি করা।’ 

ইমরান আহমেদ বলেন, ‘কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশ যান। কুমিল্লা ও চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি। যেখান থেকে বেশি লোক বিদেশে যায়, সেখানেই দক্ষ লোক বেশি তৈরি করা প্রয়োজন। গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার বিদেশে গিয়েছে। আমি চাইব এ বছর ১ লাখ লোক যাক। তবে তারা যেন প্রশিক্ষিত এবং দক্ষ হয়।’ 

প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘দালাল চক্র আমাদের সমাজের এবং আত্মীয়স্বজনের মধ্যেই বেশি। আমরা যদি সচেতন হই, তাহলে দালাল চক্র কমে আসবে। দালাল চক্র কমে আসলে আপনারা কম খরচে বিদেশে যাবেন এবং যে খরচ করে যাবেন, তা দ্রুত পূরণ করতে পারবেন। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, দালাল চক্র থেকে আপনারা সাবধানে থাকবেন।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণকেন্দ্রের আঙিনায় বৃক্ষরোপণ করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে’র ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন । 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্যাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence