অবিশ্বাস্য জয় পাকিস্তানের

১ উইকেটের আশায় দিনশেষে চুরমার ইংলিশরা, ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের মতো এমন রেকর্ড নেই আর কারও

২৫ অক্টোবর ২০২৬, ১০:২২ PM
 শাদাব খানে সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় পাকিস্তানের

শাদাব খানে সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় পাকিস্তানের © সংগৃহীত

জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১ উইকেট, আর পাকিস্তানের প্রয়োজন ছিল ৮৮ রান। একের পর এক উইকেট হারিয়ে ১৫৪ রানেই ৯ ব্যাটারকে হারিয়ে বসেছিল পাকিস্তান। সেখান থেকে শাদাব খানের দুর্দান্ত সেঞ্চুরি ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল দলটি। শাদাবের ১১৩ রানের অপরাজিত ইনিংসের পর শেষ মুহূর্তে হারিস রউফের চারেই ১ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েছে তারা।

ইংল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ১৮ রানে ফখর জামান, ২৭ রানে সাইম আইয়ুব এবং ৩১ রানে বাবর আজমের উইকেট হারায় দলটি। এরপর সাদ বাইগ ও সালমান আলী আঘা কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ৭৪ রানে চতুর্থ, ১০২ রানে পঞ্চম এবং ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর পাকিস্তানের জয়ের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসে।

সালমান আলী আঘা ২৬ রান করে ফিরে গেলে ১২২ রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান। এরপর ১৩১ রানে অধিনায়ক শাহিন আফ্রিদি এবং ১৫৪ রানে রেজউল্লাহর বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইংল্যান্ডের হাতে চলে যায়। তখন পাকিস্তানের শেষ ভরসা হয়ে ছিলেন শাদাব খান। অন্য প্রান্তে হারিস রউফকে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি।

শেষ উইকেটের অপেক্ষায় থাকা ইংল্যান্ডের বোলাররা তখন জয়ের খুব কাছাকাছি। কিন্তু শাদাব ও হারিসের দৃঢ়তায় বদলে যায় ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত ৪৭.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। হাতে ছিল ১৭ বল।

পাকিস্তানের জয়ের নায়ক শাদাব খান। ৯৬ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১৩টি চার ও পাঁচটি ছক্কা। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়া দলকে লড়াইয়ে ফেরানোর পাশাপাশি শেষ পর্যন্ত জয়ের পথও তৈরি করেন তিনি। অন্যদিকে হারিস রউফ ১৯ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকেই আসে জয়সূচক চার।

হেনরি ক্রোকম্বের করা ৪৭তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন হারিস। ক্রোকম্বের ডেলিভারিটি কিছুটা ফুলটস বা ওভারপিচড ছিল। হারিস সামনের পা সরিয়ে বোলারের ডান দিক দিয়ে জোরালো শট খেলেন। ক্রোকম্ব ডান হাত বাড়িয়ে বলটি আটকানোর চেষ্টা করলেও সেটি তার নাগাল এড়িয়ে দ্রুত বাউন্ডারির দিকে চলে যায়। তাতেই নিশ্চিত হয় পাকিস্তানের অবিশ্বাস্য জয়।

জয়সূচক বাউন্ডারি মারার পর দুই হাত ছড়িয়ে লেগ সাইডের দিকে এগিয়ে যান তিনি। এরপর ব্যাট ছুড়ে ফেলে উচ্ছ্বাসে মেতে ওঠেন। এর আগে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণাত্মক শট খেলার চেষ্টা না করলেও শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

পাকিস্তানের হয়ে শাদাবের ১১৩ রানের পাশাপাশি সাদ বাইগ ২২ বলে ৩২ রান করেন। সালমান আলী আঘা করেন ৪৯ বলে ২৬ রান। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ৩৩ বলে ১৫ রান। ফখর জামান ১৮ বলে ১০, বাবর আজম ১২ বলে ১০ এবং সাইম আইয়ুব ১২ বলে ৬ রান করে আউট হন। আরাফাত মিনহাস ১ ও শাহিন আফ্রিদি ৪ রান করে ফিরে যান। রেজউল্লাহ করেন ১৫ বলে ৮ রান।

ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেমি ওভারটন। ১০ ওভারে ৪৩ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। গাস অ্যাটকিনসন ৬২ রান দিয়ে দুটি এবং লিয়াম ডসন ৩০ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। উইল জ্যাকস নেন একটি উইকেট। হেনরি ক্রোকম্ব ওভারপ্রতি ৯.২৪ রান দিয়ে একটি উইকেট পেলেও শেষ পর্যন্ত জয়ের মুহূর্তটি ঠেকাতে পারেননি। স্যাম কারান ৮ ওভারে ৩২ রান দেন, তবে কোনো উইকেট পাননি।

এর আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৬.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়। ফলে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৪২ রান। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে বিপর্যয়, মাঝপথে একের পর এক উইকেট হারানো এবং শেষ পর্যন্ত মাত্র এক উইকেট হাতে রেখে জয়—সব মিলিয়ে ম্যাচটি ওয়ানডে ক্রিকেটের স্মরণীয় প্রত্যাবর্তনগুলোর একটি হয়ে থাকল।

এই জয়ে পাকিস্তান শুধু ম্যাচই জেতেনি, ওয়ানডে ক্রিকেটে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েছে। শেষ উইকেটের অপেক্ষায় থাকা ইংল্যান্ডের জন্য ম্যাচটি তাই হয়ে থাকল হতাশার, আর পাকিস্তানের জন্য অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প।

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬
তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগের অঙ্ক ছাড়িয়ে নতুন সম্ভাবন…
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই
  • ২৫ অক্টোবর ২০২৬