আজ থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু © সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ বুধবার (২১ জুন) থেকে ট্রেনের আগামী ১ জুলাইয়ের ফিরতি টিকিট পাওয়া যাবে। সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। ট্রেনের সব টিকিট এবারও অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।
জানা গেছে, ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি কার্যক্রম বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। এবার অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে।
ফিরতি টিকিটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি করা হবে। এছাড়া ১ জুলাইয়ের টিকিট ২১ জুন বিক্রি করা হবে।
আরও পড়ুন: ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
এবারও ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।
একজন যাত্রী ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে ৪টি টিকেট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকিটে উল্লেখ করতে হবে।