প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী © সংগৃহীত
অবৈধ পথে বিদেশ গমন ও হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক পাঠাবে না। বিশ্বকে দেখাতে হবে, বাংলাদেশও আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করতে সক্ষম।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ তাকে আশার আলো দেখিয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অবৈধ অভিবাসন ও হুন্ডির বিষয়ে সতর্ক করে আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ পথে বিদেশ গমন থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়। একইভাবে অবৈধ পথে রেমিট্যান্স পাঠানো থেকেও বিরত থাকতে হবে। যে দেশে যাওয়া হবে, সে দেশের আইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। গুটিকয়েক মানুষের অপকর্মের কারণে যেন পুরো দেশের বদনাম না হয়।
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দেশে কিংবা বিদেশে অবস্থান করে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাদের অবিলম্বে এসব অপকর্ম বন্ধ করতে হবে। অন্যথায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। প্রতারকদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সঠিক ও সৎ পথে ব্যবসা পরিচালনা করলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তবে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।