চমেকে সংঘর্ষ: ১৬ জনের বিরুদ্ধে মামলা

৩১ অক্টোবর ২০২১, ১০:৫৭ AM
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) © ফাইল ফটো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচলাইশ থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মেডিকেল কলেজে পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. তৌফিকুর রহমান মামলাটি করেন।

শনিবার (৩০ অক্টোবর) রাতে তৌফিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। তৌফিক চমেক ক্যাম্পাসে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

এই মামলার আসামিরা হলেন- আসিফ বিন তাকি (২৫), ইমতিয়াজ উদ্দিন চৌধুরী (২১), মাহতাব উদ্দিন রাফি (২১), জাহিদুল আলম জিসান (২১), সৌরভ ব্যাপারী (২১), মো. আনিস (২১), রক্তিম দে (২১), সাদ মোহাম্মদ গালিব (২১), আহসানুল কবির রুমন (২১), জাহিদুল ইসলাম জিসান (২১), মাহাদি বিন হাশিম (২৪), এইচ এম আসহাব উদ্দিন (২১), তানভীর ইসলাম (২১), নাজমুস সাদাত আসিফ (২১), এনামুল হাসান সীমান্ত (২১) ও রিজওয়ান আহমেদ (২১)।

মামলার আসামিরা সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে- শুক্রবার রাতে চমেকের প্রধান ছাত্রাবাসে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের (২১) সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে শনিবার সকালে আকিবের ওপর হামলা চালায়। গুরুতর আহত আকিবকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও জানা যায়, চমেকে এককভাবে আধিপত্য বিস্তার করে আসছিল আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের অনুসারীরা। দীর্ঘদিন নাছির চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিও ছিলেন। গত বছরের ২০ আগস্ট এ পদে আসেন ব্যারিস্টার নওফেল। সে থেকে ধাপে ধাপে চমেক ক্যাম্পাসে সক্রিয় হওয়ার চেষ্টা করে নওফেল গ্রুপ।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষের ঘটনা ঘটে। ছোটখাটো সংঘর্ষের পর গত ২৭ এপ্রিল সিএমসি ক্যান্টিনে এক ছাত্রলীগ নেতাকে কটূক্তির ঘটনায় উভয় পক্ষের মধ্যে বড় সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়। এ ঘটনার পর পাঁচলাইশ থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। একই সঙ্গে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট ডাকেন। পরে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা হলে ধর্মঘট প্রত্যাহার করে ইন্টার্ন চিকিৎসকরা।

শুক্রবার রাত ও শনিবার উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে শনিবার জরুরি বৈঠকে বসে প্রশাসন। বৈঠক শেষে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আবাসিক শিক্ষার্থীদের শনিবার সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার জানান, শুক্রবার ও শনিবার সংঘর্ষের ঘটনার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৬ জুন ২০২৬
ব্রাজিল-স্পেনের হোঁচটে সতর্ক আর্জেন্টিনা
  • ১৬ জুন ২০২৬
আল-আমরির গোলে প্রথমার্ধেই উরুগুয়েকে চমকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
×