জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
সময়সূচি অনুযায়ী, ৬ নভেম্বর শুক্রবার প্রথম পত্রে আইনতত্ত্ব, ১৩ নভেম্বর দ্বিতীয় পত্রে চুক্তি ও ক্ষতিপূরণ আইন, ২০ নভেম্বর তৃতীয় পত্রে মুসলিম আইন, ২৭ নভেম্বর চতুর্থ পত্রে ন্যায়সংগত অধিকার, ন্যাস, সুনির্দিষ্ট প্রতিকার ও হিন্দু আইন, ৪ ডিসেম্বর পঞ্চম পত্রে বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক আইন, ১১ ডিসেম্বর ষষ্ঠ পত্রে বাংলাদেশের শ্রম আইন এবং ১৮ ডিসেম্বর সপ্তম পত্রে কর আইনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কোড ৮৭৬১। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময়সীমা অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর চার থেকে পাঁচ দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্রে কোনো ধরনের ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর আগেই তা সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এর মধ্যে কেন্দ্র পাবে ৭০০ টাকা এবং সংশ্লিষ্ট কলেজ পাবে ১০০ টাকা। পরীক্ষা শুরুর দুই থেকে তিন দিন আগে রোল বিবরণীর এক কপি মুদ্রণসহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।