বিসিপিএস © টিডিসি
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে জানুয়ারি ২০২৭ সেশনের এফসিপিএস পার্ট-১ পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। এবার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা।
আজ রবিবার (১১ অক্টোবর) বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফসিপিএস পার্ট-১ পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও বিষয়ভিত্তিক রুটিন পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষাসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য প্রার্থীদের বিসিপিএসের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের পরীক্ষায় ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ২৭টি সাধারণ বিষয় এবং ৩৮টি বিশেষায়িত বিষয় রয়েছে।
সাধারণ বিষয়গুলোর মধ্যে রয়েছে মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি, চক্ষুবিদ্যা, নাক-কান-গলা, সাইকিয়াট্রি, অ্যানেস্থেসিওলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ডার্মাটোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফ্যামিলি মেডিসিন ও কমিউনিটি মেডিসিনসহ অন্যান্য বিষয়।
বিশেষায়িত বিষয়ের মধ্যে রয়েছে গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, পালমোনোলজি, মেডিকেল অনকোলজি, ইউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিওভাসকুলার সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অন্যান্য বিশেষায়িত বিভাগ।
বিসিপিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ও পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারী উভয় ধরনের প্রার্থীর এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফি ৬ হাজার টাকা। পরীক্ষা ও নিবন্ধন ফি ডিজিটাল পদ্ধতিতে জমা দিতে হবে। এ ক্ষেত্রে ক্রেডিট বা ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ই-ওয়ালেট এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফি প্রত্যাহারের শেষ তারিখ ৫ নভেম্বর ২০২৬। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন ও ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিস্তারিত দেখুন

