১ হাজার টাকার নোট বাতিলে সরকারকে আইনি নোটিশ

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ PM
১০০০ টাকার নোট বাতিলে সরকারকে আইনি নোটিশ

১০০০ টাকার নোট বাতিলে সরকারকে আইনি নোটিশ © সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার ঠেকাতে এক হাজার টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রিজার্ভ বা পর্যাপ্ত ব্যাকআপ ছাড়া অতিরিক্ত মুদ্রা সরবরাহের ফলে টাকার ক্রয়ক্ষমতা কমছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে। অর্থনীতিতে মুদ্রার সরবরাহ ও পণ্যের সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলে সাধারণ, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মূল্যস্ফীতির বিষয়টিকে সংবিধানের ৩২ অনুচ্ছেদে থাকা জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গেও যুক্ত করা হয়েছে। নোটিশদাতার বক্তব্য, অর্থনৈতিক পরিস্থিতির কারণে মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে জনস্বার্থে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এক হাজার টাকার নোট বাতিলের দাবির বিষয়ে নোটিশে বলা হয়েছে, উচ্চ মূল্যমানের এ নোট দৈনন্দিন লেনদেনে সাধারণ মানুষের জন্য তুলনামূলকভাবে কম প্রয়োজনীয়। তবে দুর্নীতি, কর ফাঁকি ও অবৈধ অর্থ গোপন রাখার ক্ষেত্রে এর ব্যবহার হতে পারে। বড় মূল্যমানের নোটের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণের সুযোগ তৈরি হয়, যা ছায়া অর্থনীতির বিস্তারে ভূমিকা রাখতে পারে বলে নোটিশদাতার দাবি।

এ ক্ষেত্রে ভারতের দুই হাজার রুপির নোট প্রত্যাহারের উদাহরণও নোটিশে তুলে ধরা হয়েছে। তবে ভারতের রিজার্ভ ব্যাংক ২০২৩ সালে দুই হাজার রুপির নোট প্রত্যাহারকে ‘ক্লিন নোট পলিসি’র অংশ হিসেবে উল্লেখ করেছিল। তখন নোটটি বৈধ মুদ্রা হিসেবে বহাল ছিল এবং জনগণকে ব্যাংক হিসাবে জমা বা অন্য মূল্যমানের নোটে বিনিময়ের সুযোগ দেওয়া হয়েছিল।

নোটিশে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং এক হাজার টাকার নোট বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এসব পদক্ষেপের জন্য সরকারকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

নোটিশদাতা মো. মাহমুদুল হাসান মামুন সুপ্রিম কোর্টের আইনজীবী। নোটিশে তিনি অর্থনীতি, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একাধিক ডিগ্রি অর্জনের কথাও উল্লেখ করেছেন।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬