প্রার্থিতা নিয়ে আদালতের চূড়ান্ত রায় পেলেন বিএনপির সেই ৩ প্রার্থী

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ AM
বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী

বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আইনি লড়াইয়ের চূড়ান্ত ফয়সালা হয়েছে বিএনপির তিন হেভিওয়েট প্রার্থীর। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ে একজনের প্রার্থিতা বৈধ হলেও বাকি দুই প্রার্থীর ভাগ্য ঝুলে গেছে।

আদালতের রায়ে কুমিল্লা–১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আপিল বিভাগ তার বিরুদ্ধে ওঠা ঋণখেলাপির অভিযোগ খারিজ করে দিয়ে তাকে বৈধ প্রার্থী হিসেবে রায় দেন। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না এবং তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়েই লড়াইয়ে থাকছেন।

একই আসনে (কুমিল্লা-১০) বিএনপির অপর প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন আদালত। তার বিরুদ্ধে থাকা দ্বৈত নাগরিকত্বের (আমেরিকা) অভিযোগ প্রমাণিত হওয়ায় আপিল বিভাগ তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে দলটির এই নেতা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

আরও পড়ুন: বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল

অন্যদিকে, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও ফিরে পায়নি। প্রার্থিতা পুনরুদ্ধারের জন্য তার করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ও হাইকোর্ট কর্তৃক তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তই চূড়ান্ত রইল।

এই আসনে জামায়াতের ১১ দলীয় জোট্ট থেকে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আইনজীবীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশের পর এই তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে সকল আইনি প্রক্রিয়ার অবসান ঘটল। রায়ের ফলে মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনী মাঠে ফিরলেও আবদুল গফুর ভূঁইয়া ও মঞ্জুরুল আহসান মুন্সী এবারের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হলেন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬