বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ AM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই প্রশ্নে আজ চূড়ান্ত সিদ্ধান্ত পেতে যাচ্ছেন কুমিল্লার দুটি সংসদীয় আসনের বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী। তাদের প্রার্থিতা ফিরে পাওয়া বা না-পাওয়ার আবেদনের ওপর আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ দেবেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চের আজকের কার্যতালিকায় এই তিনটি পিটিশন আদেশের জন্য রয়েছে। সংশ্লিষ্ট আসন দুটি হলো কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪।

জানা যায়, আদালতের আজকের কার্যতালিকায় মোবাশ্বের আলমের আবেদনটি ১০১, আবদুল গফুর ভূঁইয়ার আবেদনটি ১০২ এবং মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। ইতিমধ্যে তিনি প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা চালালেও হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আহমেদ।

অন্যদিকে, একই আসনে প্রথমে ‘ধানের শীষ’ প্রতীক পাওয়া বিএনপির আরেক হেভিওয়েট নেতা আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের (আমেরিকা) অভিযোগ আনেন সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। এই অভিযোগে ১৮ জানুয়ারি ইসি তার মনোনয়নপত্র বাতিল করে। এরপর হাইকোর্টে রিট করলে গত ২২ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। পরে প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন গফুর ভূঁইয়া।

এছাড়াও কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়েছিল ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে। যদিও রিটার্নিং কর্মকর্তা শুরুতে তাকে বৈধ ঘোষণা করেছিলেন, তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর আপিলের প্রেক্ষিতে ১৭ জানুয়ারি ইসি তার মনোনয়ন বাতিল করে। এরপর হাইকোর্টে রিট করলেও গত ২১ জানুয়ারি তা খারিজ করে দেন আদালত। প্রার্থিতা পুনরুদ্ধারের শেষ চেষ্টা হিসেবে তিনি সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন।

বিদেশে যাওয়ার আগেই বিমানবন্দরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • ২৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্বব…
  • ২৯ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্…
  • ২৯ আগস্ট ২০২৬
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্যারোলে বেরিয়ে হলেন সরকারি শিক…
  • ২৯ আগস্ট ২০২৬
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
  • ২৯ আগস্ট ২০২৬
‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৯ আগস্ট ২০২৬