২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ PM
জাতীয় সংসদে কথা বলছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

জাতীয় সংসদে কথা বলছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ © ভিডিও থেকে নেওয়া

২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪ হাজার ৩৪১ জন হাজির অব্যয়িত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ২০২৭ সালের হজে বিমান ভাড়াসহ সরকারি প্যাকেজের খরচ উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এসব তথ্য জানান। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমান হাজীদের সেবা করাই বর্তমান সরকারের একমাত্র ব্রত। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, বলিষ্ঠ দিকনির্দেশনা এবং নিবিড় মনিটরিংয়ের কারণেই ২০২৬ সালের হজ অত্যন্ত সফল, সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিটি প্যাকেজের ব্যয় কমানো সম্ভব হয়েছে। খাতভিত্তিক হিসাব শেষে উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ইএফটি (EFT)-এর মাধ্যমে ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

প্যাকেজভিত্তিক অর্থ ফেরতের বিস্তারিত চিত্র সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ-১ এর (খাবার খরচ ছাড়া মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা) পূর্ণাঙ্গ ও শর্ট প্যাকেজের হাজীদের যথাক্রমে ৩৮ হাজার ৬৯৭ টাকা এবং ৪৬ হাজার ৮৮৮ টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া এই প্যাকেজে সিট আপগ্রেডেশন অনুযায়ী হাজীদের সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়েছে।

একইভাবে প্যাকেজ-২ এর হাজীদের জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৫০৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা এবং প্যাকেজ-৩ এর পূর্ণাঙ্গ প্যাকেজের হাজীদের জনপ্রতি ৩ হাজার ৭১৮ টাকা ফেরত দেওয়া হয়েছে।

আগামী হজের খরচ কমানোর বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সফলতার ধারাবাহিকতায় ২০২৭ সালের হজের খরচ সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী করতে আমরা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ২০২৭ সালের হজের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে চাই, ২০২৩ সালে এই বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

আগামী বছর (২০২৭) দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ আগের বছরের (২০২৬) তুলনায় ৭৫ হাজার ৩৩৪ টাকা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সাশ্রয়ী হজ প্যাকেজ-২ এর খরচ ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ: হজ
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬