সাক্ষাৎকার

ভালোবাসা, ত্যাগ আর নিঃশব্দ শক্তির আরেক নাম মা

শিক্ষার্থীদের মা কে নিয়ে ভাবনা

শিক্ষার্থীদের মা কে নিয়ে ভাবনা © টিডিসি ফটো

“মা” ছোট্ট একটি শব্দ, অথচ এর ভেতরেই লুকিয়ে থাকে পুরো এক পৃথিবী। জন্মের পর প্রথম স্পর্শ, প্রথম আশ্রয়, প্রথম ভালোবাসাসব কিছুর শুরুই মাকে ঘিরে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যে মানুষটি নিঃশব্দে সাহস জোগান, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন গড়ে তোলেন, তিনি মা। সন্তানের সফলতার পেছনে অদৃশ্য এক শক্তি হয়ে থাকেন তিনি, অথচ তার ত্যাগের গল্পগুলো বেশিরভাগ সময়ই থেকে যায় আড়ালে।
সাক্ষাৎকার নিয়েছেন আলফি সানি,পাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১০ মে ২০২৬, ০৮:২৩ AM

“মা” ছোট্ট একটি শব্দ, অথচ এর ভেতরেই লুকিয়ে থাকে পুরো এক পৃথিবী। জন্মের পর প্রথম স্পর্শ, প্রথম আশ্রয়, প্রথম ভালোবাসাসব কিছুর শুরুই মাকে ঘিরে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যে মানুষটি নিঃশব্দে সাহস জোগান, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন গড়ে তোলেন, তিনি মা। সন্তানের সফলতার পেছনে অদৃশ্য এক শক্তি হয়ে থাকেন তিনি, অথচ তার ত্যাগের গল্পগুলো বেশিরভাগ সময়ই থেকে যায় আড়ালে।

বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততা, দূরে থাকা, ক্লাস-পরীক্ষা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার দৌড়ের মাঝেও একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় মানসিক ভরসার জায়গা হয়ে থাকেন মা। কখনো ফোনের ওপাশে খোঁজ নেওয়া কণ্ঠে, কখনো খাবার নিয়ে উদ্বেগে, আবার কখনো নিঃশব্দ প্রার্থনায় মায়েরা প্রতিনিয়ত জড়িয়ে থাকেন সন্তানের প্রতিটি পদক্ষেপে। মা শুধু একজন অভিভাবক নন; তিনি একজন বন্ধু, অনুপ্রেরণা এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নামও। মা দিবসকে ঘিরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের মা কে নিয়ে ভাবনা গুলো তুলে ধরেছেন সাংবাদিক আলফি সানি।

“মাকে কখনো বলা হয়নি, তুমি আমার সবচেয়ে বড় শক্তি”
ছোটবেলা থেকেই “মা” শব্দটা আমার কাছে শুধু একটি সম্পর্ক নয়, বরং এক অদৃশ্য শক্তির নাম। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় যদি কোথাও থেকে থাকে, তবে সেটি একজন মা। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে, প্রতিটি ভাঙনের সময়ে, প্রতিটি না-পারা আর হেরে যাওয়ার দিনে আমি যাঁর কাছে ফিরে গেছি, তিনি আমার মা।

সূচি বলেন, ছোটবেলায় পড়াশোনার জন্য মায়ের বকুনি, রাগ, এমনকি শাসনও পেয়েছি। তখন হয়তো মনে হতো মা খুব কঠোর। কিন্তু বড় হওয়ার পর বুঝেছি, সেই কঠোরতার আড়ালেই লুকিয়ে ছিল আমার ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার নিরন্তর চেষ্টা। মা তখন শাসন না করলে হয়তো আজ এতদূর আসা হতো না।
তিনি আরও বলেন, বড় হওয়ার পর মায়ের সঙ্গে সম্পর্কটা আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন মায়ের সঙ্গে হাসি-ঠাট্টা করি, নানা বিষয় নিয়ে গল্প করি। কিন্তু জীবনের প্রতিটি ধাপে আজও মায়ের পরামর্শ কতটা জরুরি, তা প্রতিনিয়ত অনুভব করি।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সূচি বলেন, দূরে এসে বুঝেছি মায়ের রান্নার স্বাদ শুধু খাবারে নয়, সেখানে মিশে থাকে ভালোবাসা, যত্ন আর অদৃশ্য মায়া। বুঝেছি দিনের শেষে মায়ের সঙ্গ কতটা শান্তির। অনেক ব্যস্ততার মাঝেও হঠাৎ মায়ের কথা মনে পড়ে যায় মনে পড়ে পরীক্ষার আগে তাঁর দোয়া, অসুস্থ হলে মাথায় হাত রেখে পাশে বসে থাকা।শেষে মায়ের উদ্দেশ্যে আবেগঘন বার্তায় তিনি বলেন, “আম্মু, কখনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও। তোমাকে কখনো বলা হয়নি, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে নিরাপদ আশ্রয়। তোমাকে ছাড়া ‘আমি’ অসম্পূর্ণ।”

শাহিনূর হক সূচি
শিক্ষার্থী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ

“মা মানেই নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি”
মা মানে শুধু একটি সম্পর্ক নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি। সন্তানের না বলা কথাগুলোও যে মানুষটি নিঃশব্দে বুঝে যান, তিনি মা। জীবনের কঠিন সময়গুলোতে যিনি সব ভয় দূরে সরিয়ে সাহস জোগান, জটিল বাস্তবতাকেও সহজ করে সামনে এগিয়ে যেতে শেখান, তিনিই মা। সন্তানের ছোট্ট একটি হাসির জন্য নিজের ইচ্ছা, স্বপ্ন আর সুখ নির্দ্বিধায় ত্যাগ করতেও যিনি একবার ভাবেন না, তার নামই মা।

একজন মা কখনো শুধুই অভিভাবক নন; তিনি সন্তানের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়। সন্তানের সফলতার পেছনে একজন মায়ের ত্যাগ, পরিশ্রম আর নির্ঘুম রাতগুলোর গল্প অনেক সময়ই অদৃশ্য থেকে যায়। অথচ প্রতিটি অর্জনের আড়ালে জড়িয়ে থাকে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর নীরব প্রার্থনা।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর অনেক কিছু বদলে যায়, কিন্তু মায়ের ভালোবাসা বদলায় না। বয়স বাড়লেও সন্তানের প্রতি তার চিন্তা, দোয়া আর মায়া একই রকম থাকে। তাই জীবনের প্রতিটি অর্জন, প্রতিটি সফলতার পেছনে একজন মায়ের অবদান সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির নামই মা।

মো. শাহজালাল
শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ

“মায়ের ভালোবাসার গভীরতা কোনো শব্দে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়”
মা এমন একজন মানুষ, যার ভালোবাসার গভীরতা কোনো শব্দে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্কের নামই হলো মা। সন্তানের জন্মের পর থেকেই তার পুরো পৃথিবী যেন ঘুরতে থাকে সন্তানকে কেন্দ্র করে। নিজের ইচ্ছা, স্বপ্ন, ক্লান্তি কিংবা কষ্ট সবকিছু আড়াল করে একজন মা সারাজীবন চেষ্টা করেন সন্তানের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে।

রোমেলের ভাষ্যে, সন্তানের সামান্য অসুস্থতায় যে মানুষটি সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়েন, সন্তানের দুঃখে যিনি নীরবে কাঁদেন, আবার সন্তানের ছোট্ট অর্জনেও সবচেয়ে বেশি আনন্দ পান তিনি মা। ছোটবেলায় হাত ধরে হাঁটতে শেখানো থেকে শুরু করে বড় হয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস জোগানো পর্যন্ত একজন মা সবসময় সন্তানের পাশে থাকেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কারণে পরিবার থেকে দূরে থাকলেও মায়ের ভালোবাসা কখনো দূরে সরে যায় না। ফোনের ওপাশে প্রতিদিনের খোঁজ নেওয়া, ঠিকমতো খেয়েছ কি না সেই চিন্তা কিংবা অসুস্থ হলে রাতভর দুশ্চিন্তা এসবের মধ্য দিয়েই প্রকাশ পায় একজন মায়ের অদৃশ্য অথচ গভীর মমতা। মা কখনো সন্তানের কাছে প্রতিদান চান না; সন্তানের ভালো থাকাটাই তার সবচেয়ে বড় শান্তি।

মো. রোমেল
শিক্ষার্থী, ব্যবসায় প্রশাসন বিভাগ

“মা নিজে জ্বলে সন্তানের পথ আলোকিত করেন”
“মা” তিনি যেন জীবনের প্রথম ছায়াঘেরা বটবৃক্ষ; যার শিকড়ে নিরাপত্তা, যার ছায়ায় প্রশান্তি, আর যার বিস্তারে লুকিয়ে থাকে সন্তানের সমস্ত ভয় দূর করার শক্তি। পৃথিবী যখন কঠিন হয়ে ওঠে, মানুষ যখন আপন হিসাব-নিকাশে ব্যস্ত হয়ে পড়ে, তখনও একজন মানুষ নিঃস্বার্থভাবে সন্তানের জন্য নিজেকে বিলিয়ে দেন তিনি মা।

রউফ বলেন, মা এমন এক প্রদীপ, যিনি নিজে জ্বলে সন্তানের পথ আলোকিত করেন। তিনি যেন ভোরের প্রথম সূর্যরশ্মি, যার স্পর্শে অন্ধকারের দীর্ঘ রাতেরও অবসান ঘটে। সন্তানের জীবনের প্রতিটি সাফল্যের পেছনে মিশে থাকে মায়ের ত্যাগ, ভালোবাসা আর নির্ঘুম রাতের গল্প।

তার মতে, মা-ই সন্তানের জীবনের প্রথম শিক্ষক। প্রথম কথা বলা, প্রথম হাঁটা, প্রথম স্বপ্ন দেখা সবকিছুর সূচনা হয় মায়ের হাত ধরেই। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও একজন মা সন্তানের সাহস হয়ে পাশে দাঁড়ান। নিজের স্বপ্নগুলো আড়াল করে সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে তোলার যে নীরব সংগ্রাম, তার নামই মাতৃত্ব।

আব্দুর রউফ
শিক্ষার্থী, গণিত বিভাগ

বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার 
  • ১০ মে ২০২৬
গোয়ালের ঘরে মাটি খুঁড়ে মিলল মরদেহ
  • ১০ মে ২০২৬
এসএসসিতে ৩ বিষয় ও দাখিলে হাদিস পরীক্ষা আজ
  • ১০ মে ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমবে দিনের তাপমাত্রা
  • ১০ মে ২০২৬
সুন্দরবনে দস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে
  • ১০ মে ২০২৬
দেশের বাজারে আজ সোনার ভরি কত?
  • ১০ মে ২০২৬