বিশ্ব ডায়াবেটিস দিবস

গর্ভকালীন ডায়াবেটিসে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়াচ্ছে ঝুঁকি

  • তরুণ ধূমপায়ীদের ৪০% ডায়াবেটিসের ঝুঁকিতে
  • ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রায় ৭০% রোগীই ডায়াবেটিক
  • দেশে ডায়াবেটিস চিকিৎসার বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান নেই
১৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ AM
গর্ভকালীন ডায়াবেটিসে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়াচ্ছে ঝুঁকি

গর্ভকালীন ডায়াবেটিসে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়াচ্ছে ঝুঁকি © টিডিসি সম্পাদিত

দেশে বর্তমানে প্রায় দেড় কোটি মানুষ বিপাকীয় এবং হরমোনজনিত রোগ ডায়াবেটিসে আক্রান্ত। অস্বাস্থ্যকর জীবনাচার, সহরোগ, বংশগত সমস্যা আর বয়সের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে এই রোগ বিস্তারে ভূমিকা রাখছে গর্ভাবস্থার জটিলতা। গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ৫০ শতাংশই পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। সাথে শিশুর শরীরে থাকছে স্থায়ী ঝুঁকি। আর বংশগত ঝুঁকি থাকায় ক্রমেই চক্রবৃদ্ধি হারে বাড়ছে এই রোগের আক্রান্তের সংখ্যা।

এর সাথে ভয়াবহ তথ্য হচ্ছে— দেশে প্রায় ৫৪ লক্ষ ডায়াবেটিক রোগীরই অসুখটি সনাক্ত করা যায়নি, যা মোট আক্রান্তের। ফলে প্রাণঘাতী নানা জটিলতা দ্রুত ছড়িয়ে পড়ছে আক্রান্তদের মধ্যে। চিকিৎসকদের ধারণা, যে হারে এই রোগের সংখ্যা বাড়ছে; ২০৫০ সাল নাগাদ দেশে এ রোগে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩০ লাখে দাঁড়াতে পারে। এ অবস্থায় চিকিৎসার পাশাপাশি দ্রুত সনাক্ত এবং প্রতিরোধে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশ্বজুড়ে সমস্যা ডায়াবেটিস, দেশে ভয়াবহ
ইনসুলিন নামক এক প্রকার হরমোনের অভাব হলে কিংবা উৎপাদিত ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে রক্তের গ্লুকোজ দেহের বিভিন্ন কোষে প্রয়োজনমতো ঢুকতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এ পরিস্থিতিকেই ডায়াবেটিস বলে। আর ডায়াবেটিস একবার হলে সারা জীবন থাকে, তবে একে নিয়ন্ত্রণে রাখা যায়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অন্ধত্ব, হৃদরোগ, কিডনি রোগ, স্ট্রোক ও পায়ের মতো কঠিন রোগের ঝুঁকি অনেকগুণ বাড়িয়ে দেয়। বিপরীতে একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও কর্মঠ জীবনযাপন করা যায়।

সর্বশেষ ২০২৫ সালে ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসে ‘ডায়াবেটিস এটলাস ২০২৫’ প্রকাশ করে আন্তর্জাতিক ডায়াবেটিক ফোডারেশন। প্রতিবেদনটিতে ২০২৪ সাল পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫৯ কোটি। এর ৮০ শতাংশই বাংলাদেশের মতো নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে বাস করে।

দেশে বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে এন্ডোক্রাইনোলজি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। সাধারণ মানুষ ব্যাপক হারে ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত নানা জটিলতায় ভুগছেন। তাই এই বিষয়ের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা প্রয়োজন— ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী

এদিকে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ ৭ম স্থানে রয়েছে। ২০২৪ সালের ওই প্রতিবেদনে দেশের ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের এই রোগে আক্রান্তের কথা বলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব চিত্র আরও ভয়াবহ। সাম্প্রতিক একটি পরিসংখ্যানে প্রাপ্তবয়স্কদের শতকরা ২৫ জনের ডায়াবেটিস আক্রান্তের তথ্য মিলেছে। এর মধ্যে নতুনভাবে সনাক্তকরণে ৫৩ শতাংশ রোগী অন্তত একটি জটিলতায় ভুগছে। আর আক্রান্ত রোগীদের ৫৫ শতাংশই আগে সনাক্ত হয়নি।

বর্তমানে নগরায়ণের ফলে পরিবর্তিত জীবনযাপনের কারণে সারা বিশ্বেই ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বৃদ্ধির এই হার উন্নত দেশগুলোর তুলনায় অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে বেশি। বাংলাদেশে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে— কায়িক পরিশ্রম না করা, মোটা বা স্থূলকায় হয়ে যাওয়া, অতিমাত্রায় ফাস্টফুড খাওয়া ও কোমল পানীয় পান করা, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকা, ধূমপান করা ও তামাক খাওয়া, গর্ভকালীন বিভিন্ন সমস্যা। আর যাদের বাবা-মা অথবা রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়ের ডায়াবেটিস আছে এবং যাদের বয়স ৪৫ বছরের বেশি তাদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে।

গর্ভকালীন ডায়াবেটিস: আন্তঃপ্রজন্ম চক্র
গর্ভাবস্থার পর যদি রক্তের গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায় তবে সে অবস্থাকে গর্ভকালীন ডায়াবেটিস (জিডিএম) বলে। বর্তমান বিশ্বে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্তের হার ১-২৮ শতাংশ। আর দক্ষিণ এশিয়ার মহিলাদের মধ্যে এ হার ২৪ শতাংশ। ২০২৬ সালে দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ-এ প্রকাশিত ও ২০১৯-২০ সালে দেশব্যাপী পরিচালিতে এক গবেষণায়  দেখা গেছে, দেশে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্তের হার ১৯.৪ শতাংশ, অর্থাৎ প্রায় ২০ শতাংশ। শহরাঞ্চলে এই হার আরও বেশি, প্রায় ২৪.৪ শতাংশ।

এদিকে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন (এডিএ), সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক ক্লিনিক্যাল গবেষণা বলছে, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের মধ্যে ৬৫ শতাংশের পরবর্তী গর্ভধারণের সময়ে গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয়। আর যে সব নারীর গর্ভকালীন ডায়াবেটিস দেখা যায়—তাদের পরবর্তী ১০ বছরে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি, প্রায় ৫০ শতাংশ। একই সাথে তাদের শিশুদেরও পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি স্থায়ীভাবে প্রোথিত করে। আর নিকটাত্মীয়ের এই রোগ থাকলে আক্রান্তের ঝুঁকি থাকার ফলে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে ডায়াবেটিস।

এ ছাড়া একটি গবেষণা বলছে, গর্ভধারণ ও সন্তান প্রসবের সময় পৃথিবীতে প্রতিদিন প্রায় ৮৩০ জন নারীর মৃত্যু হয়, যার ৯৯ শতাংশ মায়ের মৃত্যু ঘটে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতেই। এর অন্যতম একটি কারণ বিভিন্ন রোগজনিত জটিলতা, যার মধ্যে ডায়াবেটিস উল্লেখযোগ্য।

এ অবস্থায় গর্ভধারণ-পূর্ব সেবা বিস্তারের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। ইতোমধ্যে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এতে সুফলও মিলেছে। সমিতির তথ্য অনুযায়ী, ‘গর্ভধারণ-পূর্ব সেবা’ নামে একটি বিশেষ প্রকল্পের আওতায় সারাদেশে ৪০০ কাজীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা নবদম্পতিদের পরিকল্পিত গর্ভধারণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন। একইসঙ্গে দেশে ৫৪টি ‘গর্ভধারণ-পূর্ব সেবা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে, যেখান থেকে নারীরা স্বল্পমূল্যে সেবা নিচ্ছেন। বর্তমানে ৪০০ কাজী ও ৩০০ চিকিৎসক এই কর্মসূচির সঙ্গে যুক্ত। বাডাস বলছে, গর্ভবতী মায়ের অপুষ্টি থাকলে সন্তানের ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। বিয়ের সময় সচেতন করতে পারলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ইব্রাহিম কার্ডিয়াকের প্রায় ৭০ শতাংশ হৃদরোগীই ডায়াবেটিক
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে প্রতিদিন হৃদরোগে আক্রান্ত বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নেন। তবে প্রতিষ্ঠানটি বলছে, এসব রোগীর ৬০ থেকে ৭০ শতাংশ রোগীই ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বের অন্য কোনো প্রতিষ্ঠানে এত বেশি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয় না।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক ডা. সাহেলা নাসরিন বলেন, বিশ্বব্যাপী ৭ থেকে ১০ শতাংশ ডায়াবেটিক রোগী হৃদরোগ-সংক্রান্ত জটিলতা নিয়ে আসেন। কিন্তু আমাদের সেন্টারে ডায়াবেটিক রোগীর সংখ্যা, যাদের একই সাথে হার্টের সমস্যা আছে—৬০ থেকে ৭০ শতাংশ। সারা বাংলাদেশ থেকে ডায়াবেটিস রোগীরা আমাদের কাছে এসে ভিড় করে হার্টের চিকিৎসা নেওয়ার জন্য। হয়তো তার এনজিওগ্রাম অন্য একটা সেন্টারে হয়েছে।

আরও পড়ুন: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের ২৩ দিন পর ‘পাস’ দেখানো হলো তিন মেডিকেলের ৪ শিক্ষার্থীকে

তিনি বলেন, যার ডায়াবেটিস থাকবে, তার হার্টের রোগের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু পৃথিবীতে এমন কোনো হাসপাতাল নাই, যারা এত ডেন্সলি পপুলেটেড ডায়াবেটিক রোগীদের হার্টের চিকিৎসা করছে। এ কারণে ডায়াবেটিক সমিতি আরেকটি কার্ডিয়াক হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে। মিরপুর দারুস সালামে একটা সম্প্রসারিত প্রকল্পের কাজও শুরু হচ্ছে। কারণ আমরা সার্ভিস দিয়ে কুলাতে পারতেছি না।

ঝুঁকি বাড়াচ্ছে ধূমপান
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপসহ নানা কারণের পাশাপাশি ধূমপান ও তামাক সেবনের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ডায়াবেটিসের বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে। তবে দেখা যাচ্ছে স্মোকিংয় বা ধূমপানের জন্য এই ঝুঁকিটা ৪০ শতাংশ বেড়ে যায়।

প্যাকেটে সতর্কবার্তা নেই, আছে লোভনীয় বিজ্ঞাপন
ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানোর অন্যতম ফ্যাক্টর অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাদ্যপণ্য। কিন্তু এসবের প্যাকেটে সতর্কবার্তার লোভনীয় বিজ্ঞাপন থাকলেও কোনো সতর্কবার্তা চালু করা হয়নি। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) বলছে, দেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহার বাড়ছে। এসব খাবার গ্রহণের ফলে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে। এমনকি ২০২৪ সালে বাংলাদেশে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।

তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশ ডায়াবেটিসের ঝুঁকিতে

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। অন্যদিকে, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।

যার ডায়াবেটিস থাকবে, তার হার্টের রোগের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু পৃথিবীতে এমন কোনো হাসপাতাল নাই, যারা এত ডেন্সলি পপুলেটেড ডায়াবেটিক রোগীদের হার্টের চিকিৎসা করছে। এ কারণে ডায়াবেটিক সমিতি আরেকটি কার্ডিয়াক হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে— অধ্যাপক ডা. সাহেলা নাসরিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল

এ অবস্থায় ডায়াবেটিস প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত করার দাবি জানিয়েছে প্রজ্ঞা। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যক্ষতিকর উপাদান সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।

ডায়াবেটিক ও এন্ডোক্রাইন চিকিৎসায় নেই বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান
দেশে হৃদরোগ, কিডনি, চক্ষু, পরিপাকতন্ত্র, অর্থোপেডিক, ক্যান্সার ও মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে উঠলেও ডায়াবেটিস কিংবা এ ধরনের হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণার কোনো প্রতিষ্ঠান স্থাপিত হয়নি। গত ১২ নভেম্বর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মির্জা শরিফুজ্জামান বলেন, এসব রোগের ব্যাপকতা ও জটিলতা বিবেচনায় এ ধরনের একটি প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়: ‘ফায়ার ফাইটের জন্য’ জানালায় গ্রিল না থাকা সেই ভবনের ৫ সিঁড়ির তিনটিই ‘দখলে’

এন্ডোক্রাইনোলজি সম্পর্কিত বিশেষায়িত প্রতিষ্ঠান স্থাপনের গুরুত্ব নিয়ে একই বক্তব্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের। গত ৬ নভেম্বর নবম আন্তর্জাতিক এন্ডোক্রাইন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহিত বলেন, দেশে বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে এন্ডোক্রাইনোলজি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। সাধারণ মানুষ ব্যাপক হারে ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত নানা জটিলতায় ভুগছেন। তাই এই বিষয়ের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা প্রয়োজন।

সুদুরপ্রসারী পরিকল্পনার দাবি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির
ডায়াবেটিস প্রতিরোধ, আগাম সনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। সংগঠনটি বলেছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করলেই হবে না। প্রাথমিক স্বাস্থ্যসেবা, ঝুঁকিভিত্তিক পরীক্ষা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগীদের নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নিতে আসা ৬০-৭০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত

এন্ডোক্রাইন সোসাইটির ৮ দফা দাবি হলো— জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ; ঝুঁকিভিত্তিক স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগীদের আগাম সনাক্ত করা; উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ওষুধ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং ডায়াবেটিসজনিত জটিলতা সনাক্তের সুযোগ নিশ্চিত করা; সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী ইনসুলিনের সহজলভ্যতা ও সন্তান প্রসবের পর নিয়মিত ফলোআপ নিশ্চিত করা; প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালু, স্কুলের ক্যানটিন নীতি এবং ডব্লিউএইচও সুপারিশকৃত খাদ্যনীতি; এন্ডোক্রাইনোলজিস্টের সরকারি পদ সৃষ্টি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ আসন বাড়ানো, জেলা পর্যায়ে মনিটরিং; জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি ও গবেষণা কার্যক্রম জোরদার ও গুণমান-সূচকভিত্তিক জবাবদিহি; এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা, রোগী-শিক্ষা ও টিমভিত্তিক ফলোআপ।

ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যক্ষতিকর উপাদান সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে— এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)

সংগঠনটির বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্বাস্থ্যব্যবস্থার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম সনাক্ত করা গেলে পরবর্তী সময়ে জটিলতা ও চিকিৎসার ব্যয় কমানো সম্ভব।

বিশ্বাস ও বিজ্ঞানের সম্মিলনে মিলছে সাফল্য
‘গর্ভধারণ-পূর্ব সেবা’ প্রকল্পের পাশাপাশি বিশ্বাস ও বিজ্ঞানের সম্মিলনে আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এটি হচ্ছে— ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে মসজিদে জুমার খুৎবা ও অন্যান্য ধর্মীয় সভায় ডায়াবেটিস প্রতিরোধের বার্তা প্রচার করা। এর আওতায় দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি মসজিদে ডায়াবেটিস কর্নার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে, এরই মধ্যে ১০০ মসজিদে কর্নার করা হয়েছে। একই সাথে প্রাথমিকভাবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১০০ ইমামকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা স্বল্পমূল্যে রক্তচাপ ও রক্তের গ্লুকোজ পরীক্ষার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন।

আরও পড়ুন: পদ না থাকলেও পদোন্নতি: ১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী

এই মডেল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এক বছর মেয়াদি বৈজ্ঞানিক সমীক্ষা পরিচালিত হয়, যার ফল বিখ্যাত জার্নাল ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টাইপ-২ ডায়াবেটিসে রূপান্তরিত হওয়ার হার প্রায় ৪৩ শতাংশ কমেছে। এই উদ্ভাবনী উদ্যোগকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বেস্ট ইনোভেটিভ প্রোগ্রাম’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ঢাকায় ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের অর্থায়নে ‘ইন্টারন্যাশনাল প্রিভেনশন সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ‘ঢাকা ঘোষণা ২০২৬’ গৃহীত হয়। এই মডেলকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ এবং ওআইসিভুক্ত ৫৭টি দেশে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে ধর্মভিত্তিক ডায়াবেটিস প্রতিরোধের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সমিতি জানিয়েছে। পর্যায়ক্রমে মন্দির ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়েও একই কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950