বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়ের সুযোগ

১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ PM
সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা © টিডিসি ছবি

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)। এ উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও রয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) বারডেম জেনারেল হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বাংলাদেশে বর্তমানে ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের প্রায় অর্ধেকই নারী। সেইসঙ্গে ডায়াবেটিস আছে, এমন অর্ধেকেরও বেশি লোক জানেনই না যে, তাদের ডায়াবেটিস আছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২৫ জন মহিলাই গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়, যাদের ৬৫ শতাংশই পরবর্তীকালে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়। 

তারা বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার হলে তা কখনো সারে না। কিন্তু এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য। ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্য যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস নেই উভয়কেই ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম না করলে, নিয়মিত শরীরচর্চা না করলে, স্বাভাবিকের চাইতে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। যাদের ডায়াবেটিস নেই, তারা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো সম্পর্কে জানতে পারেন এবং সেসব ঝুঁকি এড়িয়ে চলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে বছরে অন্তত দু'বার ডায়াবেটিস পরীক্ষা করা ভালো। যতো দ্রুত ডায়াবেটিস সনাক্ত করা যাবে এবং চিকিৎসা শুরু করা যাবে ডায়াবেটিসের জটিলতা এড়ানো ততো সহজ হবে।

এ অবস্থায় ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে বাডাস। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এ দিবসটি পালিত হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই দিবসটির প্রধান লক্ষ্য।

গৃহীত কর্মসূচির বিবরণ দিয়ে আয়োজকরা জানান, ডায়াবেটিস দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বাডাস। সমিতির অন্যান্য অঙ্গ-প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বাডাসের কর্মসূচির মধ্যে রয়েছে, রোড শো, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, আলোচনা সভা, হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

আয়োজকরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে রোড শোটি অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৮টায় বারডেম ক্যাম্পাসে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত। অবশ্য এই কর্মসূচি গত ৮ নভেম্বর থেকে চলছে। এ ছাড়া বাডাসের সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসে (বিআইএইচএস) বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

একই সাথে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প এবং সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বারডেম জেনারেল হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং বেলা সাড়ে ১২টায় একই ভেন্যুতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন বারডেমের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক (হাসপাতাল প্রশাসন) ডা. ফারজানা বি ইব্রাহিম।

বাডাস জানিয়েছে, এসব অনুষ্ঠান ছাড়াও ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’র বিশেষ সংখ্যা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.), ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক ডা. সাহেলা নাসরিন, বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বারডেম একাডেমির সিনিয়র পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভালুকায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
  • ১৩ নভেম্বর ২০২৬
ঢাবিতে সহকারী প্রক্টরদের পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্বচ্ছত…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ পিছিয়েছে বাংলাদেশ
  • ১৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950