বাংলাদেশ সরকার © টিডিসি সম্পাদিত
দেশের ৬৪টি জেলার সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত পুষ্টিবিদের ৬৪টি পদ আরও এক বছরের জন্য সংরক্ষণের অনুমোদন দিয়েছে সরকার। গত ২৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত এক আদেশ জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের পার-৪ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ এতে স্বাক্ষর করেন।
আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলার সিভিল সার্জনের কার্যালয়ে একটি করে মোট ৬৪টি পুষ্টিবিদের পদ সংরক্ষণ করা হবে।
আদেশ অনুযায়ী, পদগুলো ২০২১ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ভূতাপেক্ষভাবে এবং ২০২৬ সালের ১ জুন থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত নিয়মিতভাবে সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরেও এসব পদ বহাল থাকবে।
পুষ্টিবিদের ৬৪টি পদই ৯ম গ্রেডের। জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী এসব পদের বেতনক্রম ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা নির্ধারিত রয়েছে।
সরকারি আদেশে বলা হয়, উল্লিখিত পদগুলোর ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে নির্বাহ করা হবে।
পদ সংরক্ষণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন-১০ শাখা এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ শাখার সংশ্লিষ্ট স্মারকে আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে। আদেশে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সরকারি মঞ্জুরি জারি করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ১০ আগস্ট ২০২৬ এবং অর্থ বিভাগ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট পদ সংরক্ষণে সম্মতি দেয়। ওই দুই মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্যসেবা বিভাগ ৬৪টি পুষ্টিবিদের পদ সংরক্ষণের এ আদেশ জারি করে।