ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি © টিডিসি ফটো
সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদ। শনিবার (৬ জুন) এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, 'সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশের (স্মারকনং: ৫১.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) প্রেক্ষিতে এবং চিকিৎসকদের প্রতি সংঘটিত বিভিন্ন অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে আজ সারাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। উক্ত সমাবেশগুলোতে আমাদের ৬ দফা দাবি তুলে ধরা হয়েছে।'
এতে আরও বলা হয়, 'ইতোমধ্যে বিসিপিএস কর্তৃক প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে (বিসিপিএস নং; ৭৭৬/২০২৬/২৬৪৫৩) আমাদের ৬টি দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। ফলে আমরা হতাশ হয়েছি। এমতাবস্থায়, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষনা করছি।'
পরবর্তী কর্মসূচি ঘোষণা করে পরিষদ জানায়, '১। দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হলো। ২। দেশের সকল মেডিকেল কলেজের ১ম থেকে ৫ম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন সকাল ১১টার পর থেকে ক্লাস বর্জন ঘোষিত হলো। ৩। সকল মিডলেভেল চিকিৎসকবৃন্দদের উক্ত আন্দোলনে শামিল হওয়ার অনুরোধ করা যাচ্ছে।'
বিবৃতিতে দেশের সকল ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।