প্রতীকী ছবি © সংগৃহীত
শীত এলেই অনেকের চুল হয়ে পড়ে রুক্ষ ও প্রাণহীন। দেখা দেয় চুলের আগা ফেটে যাওয়া, চুল ভেঙে যাওয়া, মাথার ত্বকে শুষ্কতা ও খুশকির মতো সমস্যা। ঠান্ডা আবহাওয়া ও বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় চুল ও মাথার ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায়। এ সময় চুলের যত্নে কিছু অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। বিশেষজ্ঞদের মতে, চুলের ধরন বুঝে পরিষ্কার করা, কন্ডিশনার ব্যবহার এবং অতিরিক্ত তাপ এড়িয়ে চললে শীতেও চুলের সুস্থতা বজায় রাখা সম্ভব।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে বাইরের ঠান্ডা ও ঘরের শুষ্ক বাতাস চুলের ওপর প্রভাব ফেলে। এ সময় চুলে স্থির বিদ্যুৎ তৈরি হয়ে চুল এলোমেলো হয়ে যেতে পারে। পাশাপাশি চুলের আর্দ্রতা কমে ভেঙে যাওয়ার ঝুঁকিও বাড়ে। তাই এ সময় চুলের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।
শীতে চুলের যেসব সমস্যা দেখা দেয়
শীতের শুষ্ক আবহাওয়ায় মাথার ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও চুলকানিযুক্ত হয়ে উঠতে পারে। কারও কারও মাথার ত্বকে সাদা আঁশের মতো খোসা ওঠে। আবার চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে গেলে চুল রুক্ষ হয়ে যায়, আগা ফেটে যেতে পারে এবং সহজে ভেঙে যেতে পারে। এসব সমস্যার কারণে পরে চুল পড়তে শুরু করে।
তবে মাথার ত্বক শুষ্ক হওয়া আর খুশকি এক বিষয় নয়। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি (এএডি) বলছে, দুটি সমস্যার লক্ষণ কাছাকাছি হলেও কারণ ও চিকিৎসা আলাদা হতে পারে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে কোমল শ্যাম্পু কাজে আসতে পারে, আর খুশকির জন্য প্রয়োজন হতে পারে বিশেষ ধরনের শ্যাম্পু।
যেভাবে চুলের যত্ন নেবেন
চুলের ধরন বুঝে শ্যাম্পু করুন: প্রতিদিন শ্যাম্পু করা সবার জন্য প্রয়োজনীয় নয়। মাথার ত্বক কতটা তৈলাক্ত হয় এবং চুলের ধরন কেমন, তার ওপর শ্যাম্পু করার বিরতি নির্ভর করে।
শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন: চুলের আর্দ্রতা ধরে রাখতে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা ভালো। এটি চুল জটমুক্ত রাখতে এবং সহজে আঁচড়াতে সহায়তা করে। চুল পাতলা বা সোজা হলে আগার দিকে কন্ডিশনার ব্যবহার করা যায়। আর শুষ্ক বা কোঁকড়ানো চুলের পুরোটাতে দৈর্ঘ্যে ব্যবহার করা যেতে পারে।
ভেজা চুলে জোরে আঁচড়াবেন না: ভেজা অবস্থায় চুল তুলনামূলক দুর্বল থাকে। তাই ধোয়ার পর তোয়ালে দিয়ে জোরে ঘষে শুকানো কিংবা শক্ত ব্রাশ দিয়ে আঁচড়ানো ঠিক নয়। নরম তোয়ালে বা টি-শার্ট দিয়ে আলতোভাবে পানি শুষে নেওয়া যায়। জট ছাড়াতে চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। চুলের আগা থেকে আঁচড়ানো শুরু করে ধীরে ধীরে ওপরের দিকে এগোনো ভালো।
অতিরিক্ত তাপ থেকে দূরে থাকুন: হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার ও কার্লার অতিরিক্ত ব্যবহার চুলের ক্ষতি করতে পারে। শীতকালে চুল আগে থেকেই শুষ্ক হয়ে পড়তে পারে বলে এসব যন্ত্র ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। সম্ভব হলে স্বাভাবিক বাতাসে চুল শুকান। প্রয়োজনে ড্রায়ার ব্যবহার করলে কম বা মাঝারি তাপমাত্রা বেছে নিন।
খুশকি হলে আলাদা যত্ন নিন: মাথার ত্বকে খুশকি ও চুলকানি দেখা দিলে সাধারণ শ্যাম্পুর পরিবর্তে খুশকিবিরোধী শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
চুলে আর্দ্রতা ধরে রাখুন: শীতের শুষ্ক বাতাসে চুল এলোমেলো হয়ে যেতে পারে। এ সমস্যা কমাতে কন্ডিশনার ও প্রয়োজন অনুযায়ী লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। তবে তেল সবার মাথার ত্বকে সমানভাবে মানায় না। কারও ক্ষেত্রে অতিরিক্ত তেল ব্যবহারে তৈলাক্ত ভাব বা ছোট ছোট ফুসকুড়ি দেখা দিতে পারে। তাই নিজের চুল ও মাথার ত্বকের ধরন বুঝে পণ্য বেছে নেওয়া উচিত।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
মাথার ত্বকে খুশকি বা চুলকানি দীর্ঘদিন থাকলে কিংবা খুশকিবিরোধী শ্যাম্পু ব্যবহারের পরও সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের পরামর্শ অনুযায়ী, চার সপ্তাহ খুশকির শ্যাম্পু ব্যবহারের পরও সমস্যা না কমলে, মাথার ত্বকে অতিরিক্ত চুলকানি, লালচে ভাব বা ফোলা দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে।