কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি © সংগৃহীত
কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে খেটে খাওয়া ও দিনমজুর মানুষদের।
সকালে শহরের বিভিন্ন সড়ক ও এলাকায় কুয়াশার কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে আসে। রোদের দেখা মেলায় শীতের অনুভূতিও কিছুটা কমে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে রাত এবং ভোরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এ সময় ঘন কুয়াশাও পড়ছে। তবে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়ায় শীতের অনুভূতি কমে আসে এবং কুয়াশা কেটে যায়।
রিকশাচালক সুজন বলেন, সকালে রিকশা নিয়ে বের হয়ে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। তখন ঠান্ডাও ছিল বেশ। এমন আবহাওয়ায় রিকশা চালিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সামনে শীতের প্রভাব আরও বাড়তে পারে। ভোররাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়বে। একই সঙ্গে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করবে।