এবার ‘প্লাজমা ব্যাংক’ প্রতিষ্ঠার উদ্যোগ জাফরুল্লাহ চৌধুরীর

২৯ মে ২০২০, ০৫:১০ PM

© ফাইল ফটো

শারীরিকভাবে বেশ দুর্বলতা অনুভব করায় গতকাল বৃহস্পতিবার বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে এক ব্যাগ রক্ত নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। নিয়মিত কিডনি চিকিৎসার অংশ হিসেবে ডায়ালাইসিসও করান তিনি। নিয়েছেন প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি নেওয়ার পর এর কার্যকারিতা দেখে ভাবেন, দেশের সব মানুষেরই প্লাজমা থেরাপি সুবিধা পাওয়া দরকার। তাই ‘প্লাজমা ব্যাংক’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।

আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ম্যাজিকের মতো কাজ করে। নিজে এটা নিয়ে তা বুঝতে পারছি। গতকাল শারীরিকভাবে বেশ দুর্বলতা অনুভব করছিলাম। গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসে এক ব্যাগ রক্ত নিতে হয়েছে। নিয়মিত কিডনি চিকিৎসার অংশ হিসেবে ডায়ালাইসিস করতে হয়েছে। কিন্তু, প্লাজমা থেরাপি নেওয়ার পর চাঙ্গা হয়ে উঠেছি। প্লাজমা থেরাপি সব করোনা রোগীর পাওয়া দরকার। শুধু আমরা কয়েকজন সুবিধা পাবো, আর দেশের অন্যরা বঞ্চিত থাকবে, তা হতে পারে না।

সকালে তার সঙ্গে কথা হলে তিনি বলছিলেন, হাসপাতালের কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো করে প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠার জন্য কী করতে হবে, সেই বিষয়ে কিছু কাজ করে আবার বাসায় ফিরে আইসোলেশনে থাকবেন তিনি।

কেউ করোনা শনাক্ত হলে বা সাধারণ রোগে যারা অসুস্থ হচ্ছেন, তারাই তো ঠিকমতো চিকিৎসক পাচ্ছেন না। সেক্ষেত্রে দেশের সব মানুষ প্লাজমা থেরাপি পাবে এই ভাবনাটা এখনকার পরিস্থিতিতে কতটুকু বাস্তবিক? এমন প্রশ্নে তিনি বলেন, এটা খুবই সম্ভব। সব মানুষকে এই সুবিধা দেওয়া আকাশকুসুম কল্পনা না। এটা বাস্তব।

আমার করোনা শনাক্ত হওয়ার পর প্রফেসর ডা. মহিউদ্দিন খান ফোন করে প্লাজমা থেরাপি নেওয়ার পরামর্শ দেন। এরপর আমি প্লাজমা থেরাপি নেই। প্রথমবার প্লাজমা থেরাপি নিয়েই বুঝতে পারি, করোনা রোগের জন্য এটা অত্যন্ত কার্যকর। এখন প্লাজমা ডোনেট করার জন্য দেশের মানুষকে বোঝাতে হবে।

এর জন্য কিছু সরঞ্জামও লাগবে। আমরা এখন উদ্যোগ নিচ্ছি। প্রফেসর ডা. মহিউদ্দিন খান ঢাকা মেডিকেলে কাজ করছেন। শিশু হাসপাতালে কাজ করছেন ডা. হারুন। এটা অত্যন্ত মহৎ কাজ। তারা অত্যন্ত মহৎ কাজ করছেন। তাদেও সেই কাজের অংশ হিসেবেই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে গণস্বাস্থ্য নগর হাসপাতালে একটি ‘প্লাজমা ব্যাংক’ গড়ে তোলার উদ্যোগ নিতে যাচ্ছি।

এর জন্য কিছু সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হবে। কিছু অর্থও লাগবে। অর্থের ক্ষেত্রে প্রয়োজনে গণস্বাস্থ্যের সম্পদের বিপরীতে ব্যাংক থেকে লোন নিয়ে নেবো। প্রয়োজনীয় সরঞ্জামগুলো যদি উড়োজাহাজে করে আনি, তাহলে দুই সপ্তাহের বেশি সময় লাগবে না। সবকিছু মিলিয়ে দুই সপ্তাহের মধ্যেই আমরা সরঞ্জাম এনে স্থাপন করে ফেলতে পারবো।

দেশে প্লাজমা ডোনেট করার মতো প্রচুর মানুষ আছে। সবকিছু মিলিয়ে কাজটা অত কঠিন কিছু নয়। আমাদের যে সামর্থ্য-সক্ষমতা, তা দিয়েই দ্রুত এটা করে ফেলতে পারবো। এতে দেশের মানুষ খুব উপকৃত হবে।

তিনি আরও বলেন, এর জন্য এখন আমাদের প্রধান কাজ হচ্ছে, কাদের করোনা হয়েছে, কারা এখন করোনায় আক্রান্ত, কারা সুস্থ হয়ে গেছেন, কারা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন, কিন্তু হয়তো নিজেও বোঝেননি, তার শরীরেও অ্যান্টিবডি তৈরি হয়েছে, এই মানুষগুলোকে খুঁজে বের করা।

কীভাবে তাদের খুঁজে বের করা যাবে? এমন প্রশ্নে তিনি বলেন, তাদের বের করতে হলে পরীক্ষা করতে হবে। এই ক্ষেত্রে পরীক্ষার কোনো বিকল্প নেই। এখানেই আবারো আসে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের প্রসঙ্গ। যে কিট আমাদের হাতে আছে, তা দিয়ে আমরা মাত্র তিন থেকে পাঁচ মিনিটে সঠিকভাবে একজন করোনা রোগীকে শনাক্ত করতে পারি। আমাদের কিট যে সঠিক ফল দেয়, আমাদের কিটের সাফল্য যে প্রায় শতভাগ, সেই কথা আমরা পূর্বে বারবার বলেছি। এখন আবারও বলছি। আমি নিজে করোনা শনাক্ত হওয়ার পরে আমাদের অ্যান্টিজেন কিট সঠিক ফল দিয়েছে। আমাদের অ্যান্টিবডি কিট সঠিক ফল দিয়েছে। আমার নমুনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সংগ্রহ করে তারা যে পরীক্ষা করেছে, সেখানেও একই ফলাফল এসেছে।

৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬