ডাব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস
ইউরোপকে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউরোপের দেশগুলোতে প্রতিদিন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া ও মৃত্যুহার বাড়তে থাকার প্রেক্ষাপটে শুক্রবার এই ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সংস্থাটি এর আগে গত বুধবার করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।
ডাব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি ‘করুণ মাইলফলক।
এর আগে সংস্থাটি করোনা ভাইরাসকে বিশ্ব মহামারি ঘোষণা দেয়।
ইউরোপের দেশ ইতালি, স্পেনে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতালির ছয় কোটি মানুষই রয়েছে কোয়ারেন্টাইনে। স্পেন ঘোষণা করেছে জরুরি অবস্থা।
বৈশ্বিক পদক্ষেপ: করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি অঙ্গরাজ্য আগামী সোমবার থেকে কমপক্ষে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে। অঙ্গরাজ্যগুলো হলো ওহাইও, মিশিগান, অরেগন, মেরিল্যান্ড, কেন্টাকি ও নিউ মেক্সিকো। মিশিগানের গভর্নর গ্রেটচেন হিটমার বলেন, ‘আমাদের শিশু, পরিবার সর্বোপরি জনস্বাস্থ্যর সুরক্ষায় এ পদক্ষেপ নেওয়া খুব জরুরি। যেসব শিশু খাবারের জন্য বিদ্যালয়ের ওপর নির্ভরশীল তাদের খাবার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
করোনার প্রাদুর্ভাবে গত এক শতকের মধ্যে ফ্রান্সে সবচেয়ে নাজুক স্বাস্থ্য পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। দেশটির সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির এক মন্ত্রী। গতকাল ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী সর্বনিম্ন সময়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধের সময় সর্বনিম্ন ১৫ দিন হবে।
এদিকে স্ত্রী সোফির শরীরে করোনাভাইরাস মেলার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ মেলেনি। এদিকে করোনা ঠেকাতে দেশটির হাউস অব কমনস পাঁচ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পর্তুগাল সরকার। পরিস্থিতি মোকাবেলায় দেশটির পুলিশ ও সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।