সোয়াইন ফ্লু থেকে রক্ষা পেতে অনেকে ফেস মাস্ক ব্যবহার করছেন © রয়টার্স
ভারতে সোয়াইন ফ্লু বা এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত অন্তত ২২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েঠছন আরও অন্তত সাড়ে ছয় হাজার জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে রাজস্থানের পরিস্থিতি সবচেয়ে শোচনীয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতের জাতীয় রোগ নির্ণয় কেন্দ্র বা এনসিডিসি’র প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ছয় হাজার ৭০১ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২২৬ জনের। এর মধ্যে রাজস্থানেই মৃত্যু হয়েছে অন্তত ৮৫ জনের। এছাড়া গুজরাটে ৪৩ জন ও পাঞ্জাবে ৩০ জন মারা গেছেন। শুধুমাত্র ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহে দুই হাজার ১০১ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রাজস্থানে আক্রান্ত হয়েছেন ৫০৭ জন।
ভারতে ২০১৮ সালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ১৪ হাজার ৯৯২ জন। মৃত্যু হওয়ায় এক হাজার ১০৩ জনের। এবার শুরু থেকে এ রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
পরিস্থিতি মোকাবিলায় রাজস্থানে মেডিকেল টিম প্রেরণ করা হয়েছে। এছাড়া, গুজরাট এবং পাঞ্জাবেও পৃথক টিম পাঠানো হয়েছে। সোয়াইন ফ্লু মোকাবেলায় রাজ্যগুলোকে সহায়তা করার জন্য এ সব টিম পাঠানো হয়। তারা পরিস্থিতি মোকাবিলা করতে সেখানে কাজ করছে।
ভয়াবহ আকার নেওয়া সোয়াইন ফ্লু মোকাবেলার পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব প্রীতি সুদান বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এজন্য নিয়মিত ভিডিও সম্মেলন করা হচ্ছে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।