বিআরটিএ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লোগো © টিডিসি সম্পাদিত
সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তাঁর পরিবারকে কমপক্ষে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার। এ ছাড়া দুর্ঘটনায় অঙ্গহানি হলে কমপক্ষে ৩ লাখ এবং আহত ব্যক্তির শারীরিক অবস্থার ভিত্তিতে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।
বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাঁর পরিবার আবেদন করলে তা যাচাই-বাছাই করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। অনুমোদিত অর্থ আবেদনকারীর নিজস্ব ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে সরাসরি পৌঁছে দেওয়া হবে। সংস্থাটির ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এ অর্থ দেওয়া হবে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তি কিংবা তাঁর পরিবারের সদস্যরা নির্ধারিত নিয়মে আবেদন করে এ সহায়তা নিতে পারবেন।
কত টাকা সহায়তা
সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে: কমপক্ষে ৫ লাখ টাকা।
অঙ্গহানি হলে: কমপক্ষে ৩ লাখ টাকা।
স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে: কমপক্ষে ৩ লাখ টাকা।
স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে: কমপক্ষে ১ লাখ টাকা।
কতদিনের মধ্যে আবেদন
আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এ জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর নির্ধারিত ফরম-৩২-এ আবেদন জমা দিতে হবে। যারা সরাসরি আবেদন করতে চান না, তারা ঘরে বসেই অনলাইনে বিআরটিএর বিএসপি (বাংলাদেশ সার্ভিস পোর্টাল) ব্যবহার করে আবেদন করতে পারবেন।
তবে আবেদনের সময়সীমার বিষয়ে বিশেষ সতর্কতা দিয়েছে বিআরটিএ। দুর্ঘটনার ৯০ দিন পার হয়ে গেলে বিধিমালা অনুযায়ী আর আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন যাচাই শেষে সহায়তা অনুমোদিত হলে নির্ধারিত অর্থ আবেদনকারীর নিজস্ব ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।