আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। © টিডিসি ছবি
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা ও গায়েবি মামলা করেনি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় পুলিশ বাদী হলেও এখন আর আগের মতো ‘র্যান্ডম’ মিথ্যা ও গায়েবি মামলা হয় না।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী।
রাজনৈতিক হয়রানিমূলক মামলার প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় বাদী হতেন পুলিশ। পুলিশ বাদী হয়ে একটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেছে—আমাকে উদাহরণ দেন। আমার জানামতে, গত দুই বছরের মধ্যে ৫ আগস্টের পরে পুলিশ বাদী হয়ে এরকম মিথ্যা গায়েবি মামলা একটিও করেনি।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা ভুক্তভোগীর পরিবার কারও বিরুদ্ধে মামলা করলে পুলিশ সেটি খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। তবে অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণে পুলিশের অস্বীকার করার সুযোগ নেই।
আইনমন্ত্রী বলেন, এখন একজন ইন্ডিভিজুয়াল যদি ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি কারও বিরুদ্ধে একটা মামলা করেন, পুলিশ সেটা খতিয়ে দেখবে, তদন্ত করবে। কিন্তু উনি মামলা নিতে অস্বীকার করতে পারবেন না। আইন তাকে সে ক্ষমতা দেয় না।
মামলা গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে ভারসাম্য আনার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা একটা ব্যালেন্সের জায়গা আমরা আনছি এবং আপনারা এটা অ্যাপ্রিশিয়েট করবেন।
মিথ্যা ও গায়েবি মামলার বিষয়ে তিনি আরও বলেন, আগের মতো ওই রকম র্যান্ডম মিথ্যা গায়েবি মামলা এখন হয় না।
এর আগে মতবিনিময় সভায় আইনমন্ত্রী বিদ্যুৎ, গ্যাস, তেল ও সার সংকটসহ বিভিন্ন বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। হরমুজ প্রণালী ব্যবহার করতে না পারায় কয়েকটি দেশ থেকে সার আমদানিতে সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন আইনমন্ত্রী।