পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল

২৯ আগস্ট ২০২৬, ০২:৪৫ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ © বাসস

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ১১ থেকে ২০তম গ্রেডের ১ হাজার ৮৫৫টি পদে জনবল নিয়োগের জন্য আগে দেওয়া ছাড়পত্রের মেয়াদ বাড়িয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পদে নিয়োগের ছাড়পত্র আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখা থেকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মুহাম্মদ আব্দুল হোসেন। খবর বাসসের।

চিঠিতে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গত ২৫ জুনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২০২৫ সালের ৪ জুনের স্মারকের অনুবৃত্তিক্রমে ২০১৯ সালে দেওয়া তিনটি আদেশের মাধ্যমে অনুমোদিত নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

ছাড়পত্রের আওতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদর দপ্তর পর্যায়ে ১৭ ক্যাটাগরির ১ হাজার ৬৬৭টি এবং জেলা পর্যায়ে ৪ ক্যাটাগরির ১৮৮টি পদ রয়েছে। সব মিলিয়ে নিয়োগের জন্য ছাড়পত্র পাওয়া পদের সংখ্যা ১ হাজার ৮৫৫টি।

সদর দপ্তর পর্যায়ের পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), পরিবার কল্যাণ পরিদর্শিকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ফিজিওথেরাপিস্ট, গবেষণা সহকারী, সহকারী লাইব্রেরিয়ান, ইপিআই টেকনিশিয়ান, টেলিফোন অপারেটর, ওয়ার্ড মাস্টার, জিনেম কিপার, টিকেট ক্লার্ক, ভেন্টিলেটর কাম মেকানিক, কিনো সুপারভাইজার, রেডিও কিপার ও কার্ডিওগ্রাফার।

এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদটি ১১তম গ্রেডের, যার বেতনস্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি ১৪তম গ্রেডের এবং এর বেতনস্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি ১৬তম গ্রেডের, যার বেতনস্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

জেলা পর্যায়ে নিয়োগযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী (এফপিএ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী এবং আয়া। এসব পদে মোট ১৮৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে।

অন্য খবর: চিকিৎসার জন্য এসেছিলেন ঢাকায়, সংসদের সামনে ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

এ ছাড়া অধিদপ্তর পর্যায়ে অতিরিক্ত হিসেবে অফিস সহায়ক (এমএলএসএস) ও কুক হেলপার পদও ছাড়পত্রের আওতায় রাখা হয়েছে। অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের এবং এর বেতনস্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পদোন্নতি, বদলি, অবসর, চাকরিচ্যুতি বা অন্য কোনো কারণে শূন্য হওয়া পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না। শুধুমাত্র সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদগুলোতেই জনবল নিয়োগ করা যাবে বলে স্পষ্ট করা হয়েছে।

এ ছাড়া নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ১৫ কার্যদিবসের মধ্যে নিয়োগ-সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, বর্ধিত মেয়াদের মধ্যে অর্থাৎ ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে এসব পদে নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠিটি মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরাবর পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬