শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম © সংগৃহীত
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সংযোজনের লক্ষ্যে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর অন্যতম বড় সমস্যা হলো তীব্র যানজট। এর ফলে প্রতিদিন নগরবাসীর বিপুল মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজট সমস্যার টেকসই সমাধানে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যানবাহন চলাচলে শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এ সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সরাসরি কারিগরি সহায়তায় এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালুর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
ডিএসসিসির আওতাধীন প্রাথমিকভাবে চিহ্নিত আটটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন হলো-বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়। এর মধ্যে শাহবাগ মোড়ে আজ থেকে পরীক্ষামূলকভাবে সিগন্যাল চালু করা হয়েছে।
প্রশাসক বলেন, এই কার্যক্রম এখানেই শেষ নয়। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এ সিগন্যাল ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে খুব শিগগিরই ডিএসসিসির আওতাধীন আরও ২২টি ইন্টারসেকশনে এ ব্যবস্থা চালু করা হবে।
নতুন স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিকভাবে ম্যানুয়ালি সংকেত দিতে হবে না উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রযুক্তির সফল বাস্তবায়নের পাশাপাশি কঠোর
আইনানুগ অনুশাসন ও নাগরিক সচেতনতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।