জন্মতারিখ, নিজের ও পিতা-মাতার নাম সংশোধনে নতুন নিয়ম

১৩ আগস্ট ২০২৬, ১১:১৩ AM
জাতীয় পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্র © সংগৃহীত

জন্মতারিখ, নিজের নাম এবং পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন মাঠপর্যায়ের নির্দিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন। তবে নিজের নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন।

তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি বা দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের প্রজ্ঞাপন নম্বর ১৭,০০,০০০০,০৬৪.২২.০৪৫.১৯ (অংশ-১)-৩০৫১ অনুসরণ করার কথা বলা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সংশোধনের আবেদন ইলেকট্রনিকভাবে অনুমোদন বা বাতিল করার ক্ষেত্রে কেস ম্যানেজমেন্ট সিস্টেমে (CMS) আবশ্যিকভাবে নোট দিতে হবে। এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের তাঁদের অধীনস্থ কর্মকর্তাদের সম্পন্ন করা কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে বলা হয়েছে।

এ জন্য দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করতে হবে। এ বিষয়ে সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।

পরিপত্রে বলা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে। একইভাবে জন্মতারিখের পাশাপাশি নিজের নাম এবং পিতা বা মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনও মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে।

নতুন নিয়মে জন্মতারিখ, নিজের নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না। পরিপত্রে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬