কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২৩ জুলাই ২০২৬, ১১:৩৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১১:৩৮ AM
সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক

সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক © সংগৃহীত

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুমিল্লা জেলা পুলিশের কর্মকর্তারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে এভারকেয়ার হাসপাতালে মারা যান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।

পারিবারিক ও সহকর্মী সূত্র জানায়, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে কুমিল্লার বেসরকারি মডার্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। ১৯৮১ সালে জন্ম নেওয়া সাইফুল মালিকের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে।

সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

সর্বশেষ তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সহকর্মীরা জানান, কর্মজীবনে সাইফুল মালিক একজন সৎ, বিনয়ী, মৃদুভাষী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও তিনি ছিলেন সমাদৃত।

তার মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। সাইফুল মালিক স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এসপি আনিসুজ্জামান বলেন, কর্মজীবনে সাইফুল মালিক একজন সৎ, বিনয়ী, মৃদুভাষী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬