বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়াতে চায় সরকার, ইউনিটপ্রতি যত বাড়ছে

০৬ মে ২০২৬, ০৪:০০ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৪:১৬ PM
বিদ্যুৎ

বিদ্যুৎ © সংগৃহীত

জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পাইকারি পর্যায়ে ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। 

বিইআরসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত কমিশনের সভায় মূল্যবৃদ্ধির প্রস্তাব আমলে নিয়েছে বিইআরসি। পাইকারির সঙ্গে সমন্বয় করে আনুপাতিক হারে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোরও প্রস্তাব করেছে পিডিবি। প্রস্তাব আমলে নিয়ে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। 

সূত্র আরও জানায়, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। বছরে ৯ হাজার কোটি ইউনিট বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। দেড় টাকা বাড়লে বছরে সাড়ে ১৩ হাজার কোটি টাকা বেশি আয় করতে পারবে তারা। আর ১ টাকা ২০ পয়সা বাড়লে বছরে বাড়তি আয় হবে ১০ হাজার কোটি টাকার বেশি। পাইকারির বৃদ্ধির সঙ্গে সঙ্গে আনুপাতিক হারে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত বাড়তে পারে দাম।

এ বিষয়ে বুধবার (৬ মে) বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘আমরা পিডিবির প্রস্তাব পেয়েছি। তাতে পাইকারি বিদ্যুতের দাম ১৭ শতাংশ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। কারিগরি কমিটি তাদের প্রস্তাব পর্যালোচনা শুরু করবে।’ 

পিডিবির এক কর্মকর্তা জানান, বর্তমান ট্যারিফে বিদ্যুৎ বিক্রি চলতে থাকলে ২০২৫-২৬ অর্থবছরে পিডিবির সম্ভাব্য ঘাটতির পরিমাণ ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেই ঘাটতি কিছুটা কমিয়ে আনতে সরকারের ইচ্ছায় দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

পিডিবির প্রস্তাব অনুযায়ী, পাইকারি ট্যারিফ ইউনিটপ্রতি ৫০ পয়সা বাড়ালে সরকারের ভর্তুকি ৫ হাজার ২৪৪ কোটি ৫৮ লাখ টাকা কমবে। ১ টাকা বাড়ালে কমবে ১০ হাজার ৪৮৯ কোটি ১৬ লাখ টাকা। আর ১ টাকা ২০ পয়সা বাড়ালে ভর্তুকি কমতে পারে ১২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা।

পিডিবি বলছে, দেশে মোট বিদ্যুৎ গ্রাহকের ৬৩ শতাংশ হলো স্বল্প ব্যবহারকারী, যারা ৭৫ ইউনিটের কম ব্যবহার করেন। স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে না বাড়িয়ে বেশি ব্যবহারকারীদের ওপর বাড়তি দাম আরোপের চিন্তা করা হচ্ছে। এতে মূলত ৩৭ শতাংশ ব্যবহারকারীর বিদ্যুৎ বিল বাড়বে। 

উল্লেখ্য, সবশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তখন খুচরায় ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারিতে ৫ শতাংশ বেড়েছিল। তাতে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৬ দশমিক ৭০ টাকা থেকে ৩৪ পয়সা বেড়ে ৭ দশমিক ০৪ টাকা হয়েছিল। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬