বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের গন্তব্যে নিজেদের সব ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ ছিল। পরে তা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি সম্পর্কে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।