স্পেন দল © সংগৃহীত
ইংল্যান্ডের কাছে হেরে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড হারায় স্পেন। স্বাভাবিকভাবেই এমন হারের পর হতাশ ছিলেন দলের খেলোয়াড়েরা। তবে ড্রেসিংরুমে গিয়ে তাদের হতাশ হতে দেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। বরং খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে মনে করিয়ে দিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে তারা কত কিছু অর্জন করেছেন। পরাজয়ের পরও দলের আত্মবিশ্বাস ধরে রাখতে দিয়েছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে স্পেনের ড্রেসিংরুমে কী ঘটেছিল।
স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, ড্রেসিংরুমের সুড়ঙ্গপথেই খেলোয়াড়দের আলিঙ্গন করেন দে লা ফুয়েন্তে। এরপর ড্রেসিংরুমে ঢুকে তাদের উদ্দেশে সরাসরি বলেন, ‘মন খারাপ করো না।’
তিনি জানতেন, এই হার খেলোয়াড়দের গভীরভাবে আঘাত করেছে। কারণ, স্পেনের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়তে অভ্যস্ত নন তারা। দীর্ঘদিন ধরেই এই দল জয়ের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিল। পরাজয় এড়িয়ে ধারাবাহিকভাবে নিজেদের সাফল্য ধরে রেখেছিল।
তাই শুধু হার ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথাই বলেননি দে লা ফুয়েন্তে। বরং খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন, তারা ইতিমধ্যে কত বড় অর্জনের সাক্ষী হয়েছেন। এমন অসাধারণ রেকর্ড গড়ে তোলা যে সহজ ছিল না, সেটিও বুঝিয়েছেন।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যা অর্জন করেছ, তা ইতিহাসের অংশ। দেখা যাক, আমরা আবারও সেটা করতে পারি কি না।’ টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ডের কথাই এখানে উল্লেখ করেন তিনি।
এ সময় বড় বড় শিরোপা জয়ের কথাও মনে করিয়ে দেন স্পেন কোচ। বলেন, ‘তোমরা নেশনস লিগ, বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছ।’
স্পেনের বর্তমান দল নিয়ে নিজের গর্বের কথাও তুলে ধরেন দে লা ফুয়েন্তে। বিশেষ করে লামিনে ইয়ামালের মতো প্রতিভাবান ফুটবলারকে দলে পাওয়াকে বড় সৌভাগ্য মনে করেন তিনি।
কোচ বলেন, ‘লামিনে ইয়ামাল ও বাকি খেলোয়াড়দের দলে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।’ নিজের দলের প্রতি গর্ব প্রকাশের পাশাপাশি খেলোয়াড়দের ধন্যবাদও জানান তিনি।
ইংল্যান্ডের কাছে হারটি স্পেনের জন্য ছিল বেশ কষ্টের। তবে খেলোয়াড়েরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন এবং জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিজ নিজ ক্লাবে ফেরার সময় পরাজয়ের নেতিবাচক প্রভাব বয়ে না নেন, সেদিকে বিশেষ নজর ছিল কোচের।
জাতীয় দলের ক্যাম্পটাও সহজ ছিল না স্পেনের জন্য। একের পর এক ম্যাচের ধকল খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছিল। চ্যাম্পিয়নস লিগের ব্যস্ত সূচির পাশাপাশি স্পেনের ঘরোয়া প্রতিযোগিতায়ও চলছে তীব্র লড়াই। সব মিলিয়ে ঠাসা সূচিতে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন খেলোয়াড়েরা।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্পেন জয় পেলেও শারীরিকভাবে নিজেদের সেরা অবস্থায় ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে মেত্রোপলিতানোতেও একই চিত্র দেখা গেছে।
তবে এই হারের একটি ইতিবাচক দিকও দেখছেন স্পেনের কোচ। অপরাজিত থাকার ধারার অবসান হওয়ায় এখন আর সেই রেকর্ড ধরে রাখার বাড়তি চাপ থাকবে না দলের ওপর। ফলে সামনের ম্যাচগুলোতে আরও নির্ভার হয়ে খেলতে পারবে স্পেন।
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের অবশ্য নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণার অভাব নেই। আগামী মার্চ থেকেই আবার জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।
এই দলের আত্মবিশ্বাস এখনো যথেষ্ট শক্তিশালী। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালেই সেটির প্রমাণ দিতে চায় স্পেন।
দলের একাধিক খেলোয়াড় জানিয়েছেন, সামনে অপেক্ষা করা চ্যালেঞ্জই তাদের অনুপ্রাণিত করছে। ২০২৩ সালে নেদারল্যান্ডসে জেতা নেশনস লিগের শিরোপা আবারও নিজেদের করে নিতে চান তারা। এরপরই শুরু হবে ইউরো ২০২৮-এর বাছাইপর্বের লড়াই।