বিশ্বকাপ শিরোপা © সংগৃহীত
২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজনের সিদ্ধান্ত হলে স্পেন বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়াতে পারে—স্পেনের বিরোধী দলীয় নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহোর এমন হুমকির কড়া জবাব দিয়েছেন মরক্কোর এক রাজনীতিক।
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে টুর্নামেন্টের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে তিন দেশের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি স্পেনের রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের অধিকার নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে।
স্পেনের বিরোধী দলীয় নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো বলেছেন, ফিফা যদি ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব মরক্কোকে দেয়, তাহলে স্পেনকে আয়োজক দেশ হিসেবে সরে দাঁড়ানোর জন্য চাপ দিতে প্রস্তুত তিনিও।
তবে স্পেনের এমন অবস্থানের জবাবে পাল্টা বক্তব্য দিয়েছেন মরক্কো ইউনিয়ন ফর ডেমোক্রেসি পার্টির মহাসচিব ইলহাম বেলফহিলি। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সেটি সম্পূর্ণ ক্রীড়াসংক্রান্ত বিষয়। ফিফা ও তাদের বিশেষায়িত কমিটিগুলো নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে। এটি কোনো রাজনৈতিক দলের নির্বাচনী স্বার্থ বা দলীয় প্রচারণার বিষয় নয়।’
মরক্কোর সংবাদমাধ্যম ‘হেসপ্রেস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বেলফহিলি বলেন, মরক্কোর বিভিন্ন ইস্যুতে স্পেনের ডানপন্থীদের বিরূপ অবস্থান নতুন কিছু নয়। ২০২৬ সালের গ্রীষ্মে সেউটা ও মেলিলা নিয়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর সময় থেকেই তাদের এমন অবস্থানের ধারাবাহিকতা দেখা যাচ্ছে। তার অভিযোগ, স্পেনের এই রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন বিষয়কে রাজনীতিকরণের চেষ্টা করে এবং মরক্কোর ক্ষতি করার সুযোগ খোঁজে।
তিনি আরও বলেন, ‘ফিফা যদি বেনস্লিমানের গ্র্যান্ড স্টেডিয়ামকে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য নির্ধারণ করে এবং স্পেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি সম্পূর্ণ স্পেনের নিজস্ব বিষয়। এতে বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।’
মরক্কোর এককভাবে বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন বেলফহিলি। তার ভাষায়, ‘পর্তুগাল ও স্পেন—দুই দেশ একসঙ্গে সরে দাঁড়ালেও সফলভাবে বিশ্বকাপ আয়োজন করার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি মরক্কোর রয়েছে।’
খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলারও বিরোধিতা করেন তিনি। বেলফহিলির মতে, ফুটবল একটি সর্বজনীন মানবিক বার্তা, যা বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধন তৈরি করে। নির্বাচনে ভোটারদের সমর্থন আদায়ের জন্য স্পেনের ডানপন্থীদের বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতিকে ব্যবহার করা একটি বিচ্ছিন্ন নির্বাচনী কৌশল। এটি মরক্কোর জন্য কোনো বিবেচ্য বিষয় নয়।
বক্তব্যের শেষ পর্যায়ে মরক্কোর রাষ্ট্রীয় অবস্থান তুলে ধরে বেলফহিলি বলেন, ‘মরক্কো একটি প্রাতিষ্ঠানিক রাষ্ট্র। আন্তর্জাতিক সংস্থাগুলোর সিদ্ধান্ত যাই হোক না কেন, মরক্কো তা সম্মান করে।’