বিশ্বকাপে দুর্দান্ত শুরু, ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের

২৪ অক্টোবর ২০২৬, ০২:০২ PM
ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের

ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের © সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আকবর হোসেন রিদনের দল। হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ইউরোপের দলটির বিপক্ষে গোল হজম না করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের কিশোররা।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ১৯১টি দেশ অংশ নিচ্ছে। তবে প্রচলিত ১১ জনের ফুটবলের পরিবর্তে এখানে প্রতি দলে ৮ জন করে ফুটবলার খেলছে। ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। দুই অর্ধে খেলা হচ্ছে, প্রতিটি অর্ধের দৈর্ঘ্য ২০ মিনিট।

বাংলাদেশ ‘জি’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস। গ্রুপের আরেক ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে পর্তুগাল। অন্যদিকে, বাংলাদেশ ও ওয়েলস নিজেদের প্রথম ম্যাচে ড্র করে পেয়েছে এক পয়েন্ট করে।

ওয়েলসের বিপক্ষে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখতে বড় ভূমিকা রেখেছেন গোলকিপার শ্রীনাথ সরকার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, ‘শারীরিক গঠনে ওয়েলসের খেলোয়াড়রা আমাদের চেয়ে বেশ এগিয়ে। সেই তুলনায় দলের সবাই দারুণ লড়াই করেছে। ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে পোস্ট সুরক্ষিত রাখার চেষ্টা করেছি, লক্ষ্য থাকবে সামনের ম্যাচগুলোতেও ক্লিন শিট বজায় রাখার। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি, দেশের মানুষের কাছে দোয়া চাই।’

আগামী রবিবার (২৫ অক্টোবর) একই দিনে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। এরপর দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে ল্লা-সবুজেরা। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ২৬ অক্টোবর আবারও মাঠে নামবে তারা।

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। ওয়েলসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর এবার পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো ফলের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬