স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন বিতর্ক

১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ PM
বিশ্বকাপ ট্রফি হাতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

বিশ্বকাপ ট্রফি হাতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ © সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিস্ফোরক মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে নিজেদের জাতীয় দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার সময়ের কথা স্মরণ করে তিনি সেই মুহূর্তকে ‘সত্যিকারের রাজনৈতিক চরম তৃপ্তি’ বলে আখ্যা দিয়েছেন। তার এমন মন্তব্যের মধ্যেই ২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, স্পেন নাকি মরক্কোতে—তা নিয়ে উত্তেজনাও ক্রমেই বাড়ছে।

‘লা সেপ্তিমা’ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের বিডের পক্ষে অবস্থান তুলে ধরেন সানচেজ। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই আয়োজনের মূল উদ্যোগ এসেছিল আইবেরীয় উপদ্বীপের দুই দেশ স্পেন ও পর্তুগালের কাছ থেকেই।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সত্যি যে ইউরোপের বিশ্বকাপ আয়োজনের পালা হওয়ায় স্পেন ও পর্তুগাল প্রথমে এই ধারণা নিয়ে কাজ শুরু করেছিল। পরে আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ মরক্কোকে এর সঙ্গে যুক্ত করেছি।’

এদিকে বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে অনুষ্ঠিত হতে পারে—স্পেনের জনগণের মধ্যে এমন আশঙ্কাও ক্রমেই বাড়ছে। সেই পরিস্থিতিতে দেশের মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন সানচেজ। তার দাবি, ‘অন্য যেকোনো দেশের তুলনায় স্পেনই বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে।’

যুক্তরাষ্ট্রে স্পেনের বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেই ঐতিহাসিক মুহূর্তের অনুভূতি বোঝাতে তিনি অত্যন্ত ব্যক্তিগত ও ব্যতিক্রমী একটি শব্দবন্ধও ব্যবহার করেন।

নিজেদের মাটিতে পরবর্তী বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি ২০৩০ সালেও ইতিহাসের পুনরাবৃত্তি চান সানচেজ। তার কথায়, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় জিতেছি, নিউইয়র্কেও জিতেছি। এবার ২০৩০ সালে স্পেনে জয়ের পালা আমাদের, তাই নয় কি? শেষ সিদ্ধান্তটি ফিফার হাতে। তবে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে স্পেনই।’

অন্যদিকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আশঙ্কা করছে, টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত মরক্কোর ভাগ্যে জুটতে পারে।

‘এল পার্তিদাজো দে কোপে’ অনুষ্ঠানে সাংবাদিক হুয়ানমা কাস্তানিও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, ট্রাম্পের প্রভাবেই ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে যেতে পারে আফ্রিকার দেশ মরক্কো।

এমন পরিস্থিতিতে স্পেনের বিরোধী দল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েস ফেইহো একটি বিতর্কিত প্রস্তাব সামনে আনার কথা ভাবছেন। একই অনুষ্ঠানের তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারণার সময় তিনি এমন প্রস্তাব দিতে পারেন যে, ফিফা যদি স্পেনকে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব না দেয়, তাহলে স্পেনের উচিত পুরো আয়োজন থেকেই সরে দাঁড়ানো।

তবে ফেইহোর এই অবস্থান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত। ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান ‘এল পার্তিদাজো দে কোপে’ অনুষ্ঠানে আয়োজক হিসেবে স্পেনের সরে দাঁড়ানোর সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ইতোমধ্যে করা প্রতিশ্রুতিগুলোর প্রতি স্পেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

লুসান বলেন, ‘স্পেন বিশ্বকাপ আয়োজনের জন্য অন্য দেশগুলোর সঙ্গে, ফিফার সঙ্গে এবং সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950