বাংলাদেশ দল © সংগৃহীত
ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছেন কোচ থমাস ডুলি। ঘোষিত একাদশে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষ। তবে সবচেয়ে বড় চমক, এই ম্যাচে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকারের ভূমিকায় খেলতে দেখা যাবে।
সর্বশেষ আসিয়ান কাপের ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন ডুলি। হামজা চৌধুরী এখনো ঢাকায় না পৌঁছানোয় এই ম্যাচে খেলছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে তার খেলার কথা রয়েছে। এ ছাড়া একাদশ থেকে শুকি ইতোফুসা ও শাহরিয়ার ইমন বাদ পড়েছেন। তাদের জায়গায় তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল আহমেদ ফাহিম সুযোগ পেয়েছেন।
এদিকে স্ট্রাইকার রোনান সুলিভান না থাকায় আক্রমণভাগে কিছুটা সংকটে পড়েছে বাংলাদেশ। সেই ঘাটতি পূরণ করতেই বিশ্বনাথকে সামনে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ ডুলি। এর আগে সান মারিনোর বিপক্ষেও স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন এই ডিফেন্ডার। এবার ভুটানের বিপক্ষেও আক্রমণভাগে তার ওপর ভরসা রাখছে বাংলাদেশ।
রক্ষণভাগের নেতৃত্বে থাকবেন তপু বর্মণ। তার সঙ্গে ডিফেন্স সামলাবেন জায়ান আহমেদ, সাদ উদ্দীন ও জিদান ইউসুফ। ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্বে থাকবেন তারিক কাজী। মাঝমাঠে জামাল ভূঁইয়ার সঙ্গী সমিত সোম। আক্রমণভাগে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের সঙ্গে খেলবেন বিশ্বনাথ ঘোষ।
গোলবারের নিচে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান শ্রাবণ।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), সাদ উদ্দীন, তপু বর্মণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, সমিত সোম, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল আহমেদ ফাহিম।