বাংলাদেশ দলের অনুশীলন © ফাইল ছবি
দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে দর্শকেরা টিকিট কিনতে পারবেন।
এবার টিকিটের দাম ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পাঁচটি শ্রেণিতে নির্ধারণ করা হয়েছে। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, আর একটি টিকিটেই একই দিনের দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা।
এবার সাধারণ গ্যালারিতে ১ হাজার, ক্লাব হাউসে ৪ হাজার, ভিআইপি গ্যালারিতে ৭ হাজার, রেড বক্সে ৮ হাজার এবং করপোরেট বক্সে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
টিকিট কিনতে টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে পছন্দের ম্যাচের দিন ও গ্যালারি নির্বাচন করতে হবে। এবার একই কিউআর কোড ব্যবহার করে প্রথম প্রবেশকারীই স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন। এজন্য টিকিটের তথ্য অন্য কারোর সঙ্গে শেয়ার না করার আহ্বানও জানিয়েছেন আয়োজকেরা।
এদিকে আগেরবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রিতে ভোগান্তির কারণে এবার টিকিট বিক্রি নির্বিঘ্ন হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ছাড়া সর্বনিম্ন এক হাজার টাকা টিকিটের দাম হওয়ায় দর্শকদের বাড়তি ব্যয়ের বিষয়টিও আলোচনায় এসেছে।
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচগুলো, আর ১৭ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল।