ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া

১৬ আগস্ট ২০২৬, ০৩:২০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৩:২২ PM
 আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া © সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি সাবেক ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া ঢাকায় আসছেন। আগামী সোমবার ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা আর্জেন্টিনার এই সাবেক তারকা।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত ৩৬টি স্কুলের এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে এবারের ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের আসর।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ক্লদিও ক্যানেজিয়া। দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবলে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্যানেজিয়া এবার বাংলাদেশে আসছেন তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে।

১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ক্যানেজিয়া। সেই বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। তার মতো একজন কিংবদন্তি ফুটবলারের উপস্থিতি স্কুল পর্যায়ের খেলোয়াড়দের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকেরা।

বাংলাদেশ সফরকালে ক্যানেজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এতে শিরোপার জন্য লড়বে বিআইটি ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

ফাইনাল ম্যাচ শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও বিশেষ অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বাড়ানো এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি। ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এবারের আসরের সমাপনীতে ক্যানেজিয়ার উপস্থিতি আয়োজনটিকে আরও বিশেষ করে তুলেছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬