১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক 

০৯ জুন ২০২৬, ১০:১৭ AM
আর্জেন্টিনা সমর্থকের দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন

আর্জেন্টিনা সমর্থকের দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন © টিডিসি সম্পাদিত

বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক, খোঁচাখুঁচি ও সমর্থন নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে শেরপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক শিবু প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু দল বদলেই থেমে থাকেননি, ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলে যোগ দিয়েছেন তিনি।

সোমবার (৮জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার সজনের ছাদে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন।

ব্রাজিল সমর্থক আলিম বলেন, “শিবু ভাই শেরপুরের স্থানীয় বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো ভালো খেলোয়াড় নেই বলে তিনি মনে করেন, তাই দলটির প্রতি তার আস্থা কমে গেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারকে তার ভালো লাগে। এ কারণেই তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

দল পরিবর্তনের কারণ সম্পর্কে শিবু বলেন, ‘আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আমার আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

আলিম আরও বলেন, ‘প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবু আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানান।’

ব্রাজিলের আরেক সমর্থক জাকির হোসেন বলেন, ‘শিবুর এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ, আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জয় কামনা করি।’

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।

বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই অভিনব দলবদলের ঘটনা এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬