এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ

১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি © সংগৃহীত

পুরুষদের সিনিয়র সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের আগ্রহ আগেই প্রকাশ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যকে সামনে রেখে এবার ধীরে ধীরে নিজেদের অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। এরই মাঝে নতুন আরেকটি পরিকল্পনার ছক কষছে তারা, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব আয়োজনের দৌড়ে নামতে চায় বাফুফে।

এই লক্ষ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে ভেন্যুর প্রস্তাবও ইতোমধ্যেই পাঠানো হয়েছে। প্রস্তাবিত ভেন্যুর তালিকায় জাতীয় স্টেডিয়াম এবং আধুনিক সুবিধাসম্পন্ন বসুন্ধরা কিংস অ্যারেনার কথা জানানো হয়েছে। যদিও দুটি স্টেডিয়ামেই বর্তমানে সংস্কার ও উন্নয়ন কাজ চলছে। একদিকে জাতীয় স্টেডিয়ামে পিচ সংস্কারের কাজ এগিয়ে চলছে, অন্যদিকে কিংস অ্যারেনায় দর্শকদের জন্য গ্যালারির ওপর ছাউনি বসানো হচ্ছে। পাশাপাশি নতুন চেয়ার স্থাপন, প্রেসবক্স উন্নয়নসহ বিভিন্ন আধুনিকায়নের কাজও করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক মান বজায় রাখা যায়।

আগামী জুলাইয়ে ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পরই এই বাছাইপর্বের আয়োজন শুরু হবে। সূচি অনুযায়ী, ২০২৭ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যেই বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে দলগুলো।

রবিবার (১২ এপ্রিল) ডেভেলপমেন্ট কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফের সহ-সভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। তিনি জানান, এই বাছাইপর্ব আয়োজনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে বাংলাদেশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ঢাকাতেই বসতে পারে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আসর।

সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পায় বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে যুবারা, যা দেশের ফুটবলের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। সেই আত্মবিশ্বাস নিয়েই এখন এএফসি বাছাইপর্বের দিকে তাকিয়ে বাফুফে। তবে এখনো এই বাছাইপর্বের গ্রুপ ড্র অনুষ্ঠিত হয়নি, ফলে প্রতিপক্ষ কারা হবে, তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬