শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়

০৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ AM
 আর্সেনাল খেলোয়ারদের উদযাপন

আর্সেনাল খেলোয়ারদের উদযাপন © সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে শেষ মুহূর্তের গোলে স্পোর্তিংকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। লিসবনে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ে কাই হাভার্টজের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

মঙ্গলবার রাতের ম্যাচে শুরু থেকে ছন্দ খুঁজে পেতে হিমশিম খায় আর্সেনাল। উল্টো ঘরের মাঠে স্পোর্তিংই আক্রমণে বেশি তৎপর ছিল। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় তারা, তবে মাক্সিমিলিয়ানো আরাউহোর শট গোলরক্ষক দাভিদ রায়ার হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও একাধিক আক্রমণে আর্সেনালকে চাপে রাখে স্বাগতিকরা।

প্রথমার্ধে কার্যত নিষ্প্রভ ছিল আর্সেনাল। ৪২তম মিনিটে মার্টিন ওদেগোর একমাত্র শটটি লক্ষ্যে থাকলেও তা সহজেই রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে ইংলিশ ক্লাবটি। ৬৩তম মিনিটে মার্টিন সুবিমেন্দির দারুণ শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে ৮৭তম মিনিটে লুইস সুয়ারেসের কাছ থেকে আসা নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে দলকে বাঁচান রায়া।

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান গড়ে দেয় আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান বদলি নেমে আসা কাই হাভার্টজ।

পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে সাতটি শট নেয় আর্সেনাল, যার চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্পোর্তিং ১১টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

লিগ কাপ ফাইনালে হার এবং এফএ কাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে এই জয় আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি হয়ে এসেছে। তবে পারফরম্যান্সে এখনো ধারাবাহিকতার ঘাটতি স্পষ্ট।

আগামী বুধবার আর্সেনালের মাঠে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ, যেখানে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আবার মুখোমুখি হবে দুই দল।

চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬