ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ © সংগৃহীত
২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হার দেখেছিল ব্রাজিল। ফুটবল ইতিহাসে ‘মিনেইরোজো’ নামে পরিচিত সেই দুঃসহ স্মৃতি আজও ব্রাজিলিয়ান সমর্থকদের মনে দাগ কেটে আছে। দীর্ঘ ১২ বছর পর আবারও ৭ গোলের ব্যবধানে জয়ের মধ্য দিয়ে আলোচনায় ফিরল ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ স্মৃতি। তবে এবার আর সেই দুঃখ-বিলাস নয়, বরং উদযাপনের মোড়কে সেই স্মৃতি ফিরিয়েছে সেলেসাওরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ব্রাজিল। নিজেদের রক্ষণভাগ থেকে বল নিয়ে বের হওয়ার চেষ্টা করছিল সিঙ্গাপুর। এ সময় বল পুনরুদ্ধার করে ব্রুনো গিমারায়েস সেটি বাড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়রকে। বক্সে ঢুকে গোলরক্ষক মাহবুদের দুই পায়ের ফাঁক দিয়ে শট নিয়ে জালে বল পাঠান ব্রাজিলের সাত নম্বর জার্সিধারী।
এরপর পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ভিনিসিয়ুস বল বাড়িয়ে দেন এন্ড্রিককে। বক্সে ঢুকে বলটি আবার ফিরিয়ে দেন তিনি। ফাঁকা জালে শট নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস।
এদিন মাত্র ২০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। ব্রুনো গিমারায়েস বল বাড়িয়ে দেন ডান দিকে বক্সের ভেতরে থাকা এস্তেভাওকে। ১১ নম্বর জার্সিধারী বলটি মাঝখানে বাড়িয়ে দিলে ডান পায়ের শটে গোল করেন ভিনিসিয়ুস। মাহবুদের জাল কাঁপিয়ে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি।
চতুর্থ গোলটি আসে এন্ড্রিকের পা থেকে। এস্তেভাও বল পেছনে বাড়িয়ে দেন এন্ড্রিককে। ডান প্রান্তে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে মাঝখানে ঢুকে নিচু শট নেন ব্রাজিলের এই নম্বর নাইন। মাহবুদের জাল খুঁজে নেয় বল।
ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সিঙ্গাপুরও। রিয়াহান স্টুয়ার্টের ক্রসে বক্সের মাঝখান থেকে হেড করেন ইখসান ফান্দি। তবে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ফান্দি পরে বক্সের প্রান্তে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে শট নেন, কিন্তু গ্যাব্রিয়েল মাগালাইসের গায়ে লেগে বল প্রতিহত হয়।
প্রথমার্ধের শেষ দিকে ভিনিসিয়ুস জুনিয়রের আরও একটি আক্রমণ ঠেকিয়ে দেন মাহবুদ। ব্রুনো গিমারায়েসের লম্বা পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ে ক্রস-গোল শট নেন ভিনিসিয়ুস। মাহবুদ বল ফিরিয়ে দিলেও ফিরতি বলটি ব্রাজিলের সাত নম্বর জার্সিধারীর গায়ে লাগে।
বিরতির পরও ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল অব্যাহত থাকে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ভিনিসিয়ুস বল বাড়িয়ে দেন এন্ড্রিককে। তিনি বল নিয়ন্ত্রণে নিয়ে ভান্দেরসনকে পাস দেন। ভান্দেরসনের ক্রস থেকে বক্সের বাঁ দিকে বল পেয়ে জালে পাঠান এস্তেভাও। তবে সহকারী রেফারি ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে সিঙ্গাপুরের গোলরক্ষককে ফাউল করার সংকেত দেন। ফলে গোলটি বাতিল হয়।
এরপর ফ্রি-কিক থেকে পঞ্চম গোলটি পায় ব্রাজিল। ব্রুনো গিমারায়েস বক্সের মধ্যে বল তুলে দেন। সিঙ্গাপুরের রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে বল ফিরে এলে সুযোগ কাজে লাগান এস্তেভাও। তার নেওয়া শট শারিরানের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়।
পঞ্চম গোল হজমের পর ব্যবধান কমানোর চেষ্টা করেছিল সিঙ্গাপুর। বক্সের মধ্যে ক্রস পেয়ে ইলহান বিন ফান্দি আহমদ হেড করেন। কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ গোলের বড় ব্যবধানে পিছিয়ে থাকা স্বাগতিকদের আক্রমণে কার্যকর কোনো সাফল্য আসছিল না।
এরপর ষষ্ঠ গোলটিও করে ব্রাজিল। অ্যালান দারুণ একটি আক্রমণ সাজিয়ে বল বাড়িয়ে দেন সতীর্থকে। বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক মাহবুদকে কাটিয়ে ডান পায়ে ফাঁকা জালে বল পাঠান সেই ফরোয়ার্ড।
ব্রাজিলের সপ্তম গোলটি করেন অ্যালান। পাল্টা আক্রমণে মাঝমাঠ দিয়ে বল নিয়ে এগিয়ে যান আলিসন। ডান প্রান্তে থাকা অ্যালানকে বল বাড়িয়ে দেন তিনি। ২২ নম্বর জার্সিধারী ক্রস-শট নিলে বল সিঙ্গাপুরের সুহাইমির গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
ম্যাচের শেষ দিকে বক্সের মধ্যে এন্ড্রিক ও আনোয়ারের মধ্যে সংঘর্ষের পর সিঙ্গাপুরের পক্ষে পেনাল্টির আবেদন ওঠে। বিষয়টি ভিএআরের মাধ্যমে পরীক্ষা করেন রেফারি। মনিটরে রিপ্লে দেখার পর কোনো ফাউল হয়নি বলে সিদ্ধান্ত দেন তিনি। ফলে পেনাল্টি পায়নি সিঙ্গাপুর।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।