কলকাতার জনপ্রিয় নায়ক ও প্রযোজক দেব অধিকারি বাংলাদেশের আদর আপ্যায়নে মুগ্ধ হয়ে ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেব বলেন, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এ দেশের জন্য আমার আলাদা ইমোশন আছে। এখানে যতবার এসেছি এ দেশের মানুষ আর আপ্যায়ন দেখে আমি মুগ্ধ হয়েছি। আমাকে নিয়ে পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের দর্শকদের উৎসাহ বেশি। ধন্যবাদ বাংলাদেশ।
সাফটা চুক্তির মাধ্যমে আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেবের কলকাতার সিনেমা ‘পাসওয়ার্ড’। সিনেমাটির প্রচারণার জন্যই মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন দেব। দেবের সঙ্গী হন সিনেমাটির নায়িকা রুক্ষিণী ও পরিচালক কমলেশ্বর মুখার্জি।
এ দিকে সংবাদ সম্মেলনে দেব প্রথমবারের মতো ‘মিশন সিক্সটিন’ নামে বাংলাদেশের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ উপস্থিত ছিলেন।