চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ PM
ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের হতাশাজনক বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ব্রাজিল। সেই যাত্রায় ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের দলে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকাদের পাশাপাশি চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা এস্তেভাও ও ওয়েসলিকে ফিরিয়ে আনা হয়েছে। তবে চমক রয়েছে গোলরক্ষক তালিকায়—দলে জায়গা হয়নি কোনো অভিজ্ঞ গোলরক্ষকের।

গতকাল রাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ২৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করে। সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে এশিয়া সফরে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর নতুন করে দল গড়ার পথে এই সফরকে কাজে লাগাতে চান আনচেলত্তি।

আসন্ন তিন প্রীতি ম্যাচকে নতুন খেলোয়াড়দের পরখ করার সুযোগ হিসেবে দেখছেন ব্রাজিলের প্রধান কোচ। ফেডারেশনের ওয়েবসাইটে আনচেলত্তি বলেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা জাতীয় দলকে আসন্ন লক্ষ্যের (২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ) দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি নতুন অধ্যায় শুরু করব। জাতীয় দলে নতুন খেলোয়াড়দের, বিশেষ করে তরুণদের সুযোগ করে দিতে আমরা তিনটি প্রীতি ম্যাচকে কাজে লাগাব, যাতে তারা আগামী দিনগুলোতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের প্রীতি ম্যাচের শুরু হবে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলবে তারা। এর মধ্যে একটি ম্যাচ হবে কুইন্সল্যান্ড কাউন্টি ব্যাংক স্টেডিয়ামে এবং অন্যটি ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে।

এরপর আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারত জাতীয় দলের মুখোমুখি হবে ব্রাজিল। ভারতের বিপক্ষে এটিই হবে ব্রাজিলের প্রথম ম্যাচ। দেশটিতে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালের জুনে মেলবোর্নে। সেই ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছিল সেলেসাওরা।

কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল-সম্পর্ক অবশ্য আরও পুরোনো। ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে কলকাতার ইডেন গার্ডেনসে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন।

ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও

ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো

ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র
 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬