প্রাথমিক ও ইবতেদায়ী
© সংগৃহীত
চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আাগামী রোববার (১৮ নভেম্বর)। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এ বছর সর্বমোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন পরীক্ষার্থী শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। ৭ হাজার ৪১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১২টি কেন্দ্র বিদেশে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, দশমবারের মতো এ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ও ছাত্রী ১৪ লাখ ৫২৮ জন। আর ইবতেদায়ীতে অংশ নেবে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ৬৬ হাজার ৮১৪ জন ও ছাত্রী ১ লাখ ৫১ হাজার ৩৯।
মন্ত্রী জানান, গতবারের তুলনায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে এ বছর পরীক্ষার্থী কমেছে ২৮ হাজার ৮২৬। অন্যদিকে ইবতেদায়ীতে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২৩ হাজার ৪৭২ জন। আশার বানী হচ্ছে এবার ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি ২ লাখ ১৯ হাজার ৮১৪ জন। এছাড়া ৩ হাজার ২১৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশ্নপত্র প্রণয়ন, বন্টন ও মুদ্রণ কাজ শেষ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট থানার ট্রেজারিতে তা হেফাজতে রাখা হয়েছে।পরীক্ষার দিন যথাযথ নিরাপত্তার মাধ্যমে তা কেন্দ্র সচিবের নিকট পৌঁছে দেয়া হবে। এছাড়া দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।