পরীক্ষার সময় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করার কথা বলা হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘আমরা এই কথা কখনোই বলি নাই ফেসবুক বন্ধ করবো। সেই ক্ষমতাও আমাদের নেই।’
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। একই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে প্রশ্নপত্র বিজিপ্রেস থেকে ফাঁস হয়ে যেত। সেখানে নানা ব্যবস্থা নেওয়ার ফলে এখন আর সেখান থেকে ফাঁস হয় না। তবে দেড় মাস ধরে এসএসসি, এইচএসসি পরীক্ষা হয়। তাই দীর্ঘ দিন হাজার হাজার কেন্দ্রে পাহারা দিয়ে প্রশ্ন রাখাট বড় কঠিন কাজ। ওই প্রশ্নগুলো যখন স্কুলে পৌছায়, কিছু শিক্ষক আছেন যারা বিলির আগে প্রশ্ন খুলে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধমে পাঠিয়ে দেন। আমরা এই জায়গাটাতে আটকে গেছি। তাই বলেছি বিটিআরসির সঙ্গে আলাপ করব। তারা ওই প্রক্রিয়ায় কোনো সহযোগিতা করতে পারেন কি না।’
মন্ত্রী আরো বলেন, ‘বিটিআরসিকে বলেছি একটি নির্দিষ্ট সময়ের জন্য বা কয়েক ঘণ্টার জন্য তারা ফেসবুক বন্ধ রাখতে পারেন কিনা। এটা নিয়েই আলাপ করেছি। বিটিআরসি জানিয়েছে বিভিন্ন পদ্ধতিতে এসব প্রশ্ন আসে। তাই পরীক্ষার সময়ে তারা এ বিষয়টি নজরদারির জন্য লোক নিয়োগ করবে।’
সংসদ সদস্যদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘ পরীক্ষার সময় যদি কিছু হয় তাৎক্ষণিকভাবে জানাবেন। সেই অনুসারে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। আমরা কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে ফেলব এই কথা বলতে পারি না। বিটিআরসি বলেছে সহযোগিতা করবে। তারা বলেছে এগুলো বন্ধ না করেও তারা অন্যভাবে সহযোগিতা করতে পারবে।’